বিশ্বকাপের লক্ষ্যে এখন শুধুই পরীক্ষা নীরিক্ষা চলবে, জানিয়েছেন ঋষভ পন্থ
আপডেট করা - Jun 14, 2023 7:16 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কয়েকমাস দেরী রয়েছে। আর সেই মঞ্চে নামার আগে সমস্ত রকমের পরীক্ষা নীরিক্ষা করে দলকে প্রস্তুত করে নিতে চাইছে টিম ইন্ডিয়া। নতুন ক্রিকেটার থেকে ব্যাটিং ও বোলিং পজিশন, কোনও দিকেই একেবারে খামতি রাখতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ দিয়েই যে সেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা ম্যাচ শেষে পন্থ জানাতেও দ্বিধা করেননি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বেশ কিছু তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলে নির্বাচকরা। টানা ম্যাচ খেলার জেরে দলে নেই জসপ্রীত বুমরাহ। মহম্মদ সামিকেও এই সিরিজে রাখা হয়নি। কারণ এতটাই তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়া। একইসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং পজিশনে কে কোথায় স্বচ্ছন্দ সেটাও তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চাইছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই পরীক্ষা নীরিক্ষায় এখনও পর্যন্ত বেশ সফলই হয়েছে ভারতীয় দল।
এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল ব্যাটিংয়ের মিডল অর্ডার। প্রায় দু বছর ধরেই সেই জায়গার সমস্যা মেটাতে পারছে না ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। তাই কখনও সেখানে ঋষভ পন্থ , সূর্যকুমার যাদব তো আবার কখনও শ্রেয়স আইয়ারকে দেখে নিচ্ছে তারা। যদিও এথনও পর্যন্ত চূড়ান্তভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের দল নিয়ে চলবে চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষা,জানিয়ে দিলেন ঋষভ পন্থ
এই প্রসঙ্গেই ঋষভ পন্থ জানান, “বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে। তার আগে আমাদের লক্ষ্য যত সম্ভব পরীক্ষা নীরিক্ষা করে দেখে নেওয়া। দল বারবার দেখে নিতে চাইছে কোন জায়গায় কে যোগ্য। এছাড়া তার থেকে কতটা উপকার পাবে ভারতীয় দল। আর সেজন্যই ক্রমাগত চেষ্টা চলিয়ে যাওয়া হচ্ছে। যখনই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, দল চূড়ান্ত হয়ে যাবে”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই এই এক জিনিস দেখা যাচ্ছে। টি টোয়েন্টিতেও সেই চিত্রই পরিষ্কার। যেমন সূর্যকুমার যাদবকে এখন চার নম্বরে খেলানো হচ্ছে। ঋষভ পন্থকে পাঠানো হচ্ছে পাঁচ নম্বরে। তেমনই ছয় ও সাত নম্বরে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার ও দীপক চাহারকে। যদিও টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত দীপক চাহার ব্য়াটিংয়ের সুযোগ পাননি।
গত টি টোয়েন্টি বিশ্বকাপে যে যে ভুলগুলো ভারতীয় দল করেছিল এবার সেইরকম কোনও ঝুঁকি তারা নিতে চাইছে না। দলের জন্য যেটা একশো শতাংশ ঠিক মনে হবে সেটাই করবে বলে ঠিক করেছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। সামনে এখনও বেশ কয়েকটা সিরিজ রয়েছে। সেখানেও চলবে ভারতীয় দলের পরীক্ষা নীরিক্ষা। শেষপর্য্ন্ত কী হয় সেটাই এখন দেখার।