টেস্টে ভালো খেলতে হলে ইংল্যান্ডের খেলোয়াড়দের আইপিএলে খেলা বন্ধ করতে হবে, পরামর্শ মিকি আর্থারের
আর্থারের মতে ইংল্যান্ডের ব্যর্থতার জন্য কাউন্টি ক্রিকেটের মান দায়ী নয়
আপডেট করা - Feb 16, 2022 4:02 pm

ইংল্যান্ডের খেলোয়াড়দের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের ব্যাপারে একটি পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার। উল্লেখ্য, থ্রি লায়ন্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাউন আন্ডারে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরেছে। সেই অপমানজনক হারের পর ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টে বড় রদবদল হয়েছে। প্রধান কোচ ক্রিস সিলভারউড, ব্যাটিং কোচ গ্রাহাম থর্প এবং ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলসকে তাঁদের সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
গত বছরের শেষদিকে শ্রীলঙ্কার কোচের পদ থেকে পদত্যাগ করার পর ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারে ক্রিকেটীয় কার্যক্রমের প্রধান হিসেবে যোগদান করেছেন মিকি আর্থার। তাঁর মতে সাম্প্রতিক বছরগুলোতে টেস্টে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের জন্য কাউন্টি ক্রিকেটকে দায়ী করা যাবে না।
ইংল্যান্ডের ব্যর্থতার মূল কারণ হিসেবে রানের অভাবকে দায়ী করেছেন মিকি আর্থার
ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য টাইমসের সাথে কথা বলতে গিয়ে আর্থার তাঁর মতামত পেশ করেছেন। তাঁর মতে, “ইংল্যান্ড যথেষ্ট রান করতে পারেনি। আসল কথা হল এটাই। আপনি যদি কোন কিছুর উপর দোষ আরোপ করতে চান তবে আপনি ঠিক এই জায়গার উপরেই করতে পারেন। কাউন্টি ক্রিকেটের দোষ নয়। এতদিন ধরে কাউন্টি ক্রিকেট সত্যিই ভালো আন্তর্জাতিক খেলোয়াড় তৈরী করেছে। সিস্টেমে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আপনি যদি মরসুমের শুরুতে শক্তি চান, তবে দুর্ভাগ্যবশত, আপনাকে খেলোয়াড়দের আইপিএলে যাওয়া বন্ধ করতে হবে।”
“তারা প্রথম টেস্টের ঠিক আগে মরসুমের শুরুতে সেখানে খেলছে। সেখানে (অস্ট্রেলিয়া) খেলার প্রস্তুতি হিসেবে সেরা খেলোয়াড়দের কাউন্টি ক্রিকেটে খেলতে হবে,” আর্থার যোগ করেছেন।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড সম্প্রতি দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে গেলেও ইংল্যান্ড বর্তমানে ৫০ ওভারের বিশ্বকাপে শিরোপার অধিকারী। শুধু তাই নয়, ইংল্যান্ড টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে এবং বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে খেলার দীর্ঘতম ফরম্যাটে তাদের ফর্ম একেবারেই বলার মতো নয়। ২০২১ ঘরোয়া মরসুমে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে এবং ভারতের বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে আছে।
ইংল্যান্ড এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াতে টানা ১৫টি টেস্ট ম্যাচ জিততে পারেনি, এবং তারা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে। থ্রি লায়ন্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য মার্চে ক্যারিবিয়া সফরে যাবে। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৮ই মার্চ।