টি টোয়েন্টির ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ইশান নাকি ঋষভ, চলছে জল্পনা
আপডেট করা - Feb 14, 2022 5:19 pm

টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কে খেলবেন তা নিয়েই এখন ভারতীয় দলের অন্দরে জোর জল্পনা। লোকেশ রাহুল নেই। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। আবারও কী ঋষভ পন্থকে দেখা যাবে ভারতীয় দলের টি টোয়েন্টি ওপেনার হিসাবে। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ব্যপারে মুখে কুলুপ এঁটেছে। দল নিয়ে যে একেবারেই পরীক্ষা নীরিক্ষা হবে না তারও কোনও ইঙ্গিত নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এবার টি টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিততে মরিয়া ভারত।
আগমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারতীয় দল। নতুন বছরে এই প্রথমবার টি টোয়েন্টি সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সেখানেও তাদের প্রতিপক্ষ সেই ক্যারিবিয়ান ব্রিগেডই। চলছে নানান হিসাব নিকাশ। শেষবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই মাঠেই টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেমেছিল ভারত। সেবার ফলাফল হয়েছিল ৩-০।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এবার টি টোয়েন্টিতেও সেই লক্ষ্য ভারতীয় দলের। রবিবারই কলকাতায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এবার সামনে লক্ষ্য হল টি টোয়েন্টি সিরিজ জেতার। সেইসঙ্গে অবশ্যই চলবে দলের ভিতর নানান পরীক্ষা নীরিক্ষাও। আর এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই পারে। ওপেনিংয়ে কী তবে ফের ঋষভ পন্থকে দেখা যেতে পারে।
যদিও এই বিষয়ে ইতিবাচক কোনও মন্তব্য শোনা যায়নি ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মুখ থেকে। তিনি জানিয়েছেন, “দলের ওপেনিং পার্টনারশিপ নিয়ে এখনই কোনও কথা হয়নি আমাদের। গতকাল ছিল ট্রাভেল ডে। সোমবার প্রথম প্রস্তুতিতে নামব ইডেনে। পিচ দেখেই সমস্ত কিছুর সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট”।
টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার সঙ্গে ওপেন কে করবেন তা নিয়েই চলছে জল্পনা
তবে ভারতীয় দলের ওপেনিংয়ে এখন অপশান রয়েছে বেশ কয়েকটা। ইশান কিষাণ তো রয়েছেনই, সেইসঙ্গে দলে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। তাঁকেও ওপেনিংয়ে খেলাতে পারে ভারতীয় দল। এখনও পর্যন্ত কোনও কিছুই ঠিক হয়নি। তবে ঋষভ পন্থকেও যে এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে না তেমন সম্ভাবনা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ঋষভ পন্থকে নিয়েই ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা।
তাই এখনই দলের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুলতে নারাজ বিক্রম রাঠোর। যদিও ঋষভকে মিডল অর্ডারে ব্যবহার করাই তাদের কাছে প্রধান লক্ষ্য। অনুশীলনের আগে সাংবাদিক সম্মেলনে এসে বিক্রম রাঠোর জানান, “ঋষভ পন্থ যথেষ্ট দক্ষ ক্রিকেটার। আমাদের কাছে অপশন রয়েছে। তবে ঋষভকে আমরা মিডল অর্ডার ও লোয়ার অর্ড়ারেই বেশী ব্যবহার করতে চাই। যদিও এখনও পর্যন্ত হাতে সময় রয়েছে। সমস্তকিছু দেখেই সিদ্ধান্ত নেব”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। এরপর আর তৃতী. একদিনের ম্যাচেও নামতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য টি টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। আর সেই জয়গাতেই এখন পরীক্ষা নীরিক্ষা করে দেখে নিতে চাইছে ভারতীয় দল।