ভাগ্য সঙ্গ না দেওয়াতেই সাফল্য পাচ্ছেন না বিরাট কোহলি, মনে করছেন সুনীল গাভাস্কার
আপডেট করা - Feb 10, 2022 7:30 pm

সম্প্রতি একদমই চেনা ছন্দের মধ্যে নেই বিরাট কোহলি। সকলে যখন নানান কথা বলছে, সেই সময় খানিকটা অন্যরকম কথাই সুনীল গাভাস্কারের মুখে। চেষ্টা চালালেও ভাগ্য সঙ্গ দিচ্ছে না বিরাটের। আর বড় রান পাওয়ার চেষ্টা করলেও ভাগ্য না থাকার জন্যই নাকি রান পাচ্ছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। মনে করছেন সুনীল গাভাস্কার।
ঘরের মাঠে নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের সিরিজে নেমেছে ভারত। পরপর দু ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেললেও, বিরাট কোহলির ফর্ম নিয়ে কারোরই হতাশা কাটছে না। বরং ক্রমশই বাড়ছে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে আশঙ্কা। তাঁর খারাপ ফর্ম নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। এমন সময়ই সুনীল গাভাস্কার বিরাটের রান না পাওয়ার পিছনে অন্য ব্যখ্যাই দিলেন। তাঁর মতে বড় রান পাওয়ার ক্ষেত্রে সবসময়ই ভাগ্য একটা বড় ব্যপার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দু ম্যাচেই বিরাট কোহলি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে মাত্র ৮ রানে সাজঘরে ফিরেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে বড় রানের লক্ষ্যে থাকলেও ১৮ রানেই থামতে হয়েছিল বিরাট কোহলিকে। আর পরপর এমন ঘটনা দেখলে চিন্তা বাড়াটাই স্বাভাবিক। প্রায় দু বছর ধরে বিরাট কোহলির ব্যাটে কোনও শতরানের দেখা নেই।
ঘরের মাঠে তাঁর ব্যাট থেকে সেই সেঞ্চুরির প্রত্যাশা অনেকে করলেও, সেখানেও শুধু হতাশাই জুটেছে সকলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত দু ম্যাচে বিরাট কোহলির রান মাত্র ২৬। আর তা দেখার পরই বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু করেছেন সুনীল গাভাস্কার। ভাগ্য সঙ্গ দিলেই ফের বিরাট কোহলি ফর্মে ফিরবে বলেও মনে করছেন তিনি।
বিরাটের ফর্ম থাকলেও ভাগ্যের বিরম্বনাতেই তিনি পারছেন না, মনে করেন গাভাস্কার
ভারতের দ্বিতীয় ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় বিরাটের পারফরম্যান্স নিয়ে বলার সময় গাভাস্কার জানান, “ভাগ্য হল সবচেয়ে বড় ব্যপার। প্রতিটি ব্যাটারেরই ভাগ্য সহায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শেষ কয়েকটি ম্যাচে ভাগ্য একেবারেই সঙ্গ দেয়নি বিরাট কোহলির। তবে এটাও ভুলে গেলে চলবে না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দুটো অর্ধশতরান পেয়েছিলেন তিনি”।
একদিনের অধিনায়কত্ব হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই একদিনের সিরিজে প্রথমবার নেমেছিলেন বিরাট কোহলি। তিন ম্যাচের মধ্যে দুটোতেই অর্ধশতরান পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। যদিও সেঞ্চুরির দেখা নেই তাঁর ব্যাট থেকে। যে ক্রিকেটার ২০১৯ সালে পাঁচটা সেঞ্চুরি করেছিলেন, তিন বছর কেটে গেলেও সেই বিরাটের ব্যাটে এখনও পর্যন্ত শতরান আসেনি।
শেষ পাঁচম্যাচে বিরাট কোহলির রান মাত্র ১৪২। যারমধ্যে দুটো অর্ধশতরান রয়েছে তাঁর। তবে এসব নিয়ে বিরাটের সমালোচনা করতে এখন একেবারেই নারাজ সুনীল গাভাস্কার। বরং তাঁর শীঘ্র রানে ফেরার ব্যপারেই আশাবাদী প্রাক্তন এই তারকা ক্রিকেটার।