টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ বৃষ্টিবিঘ্নিত নক-আউট ম্যাচের নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

পুরুষদের টি-২০ বিশ্বকাপে প্রথমবারের জন্য ব্যবহৃত হবে ডিআরএস

T20 World Cup 2021
T20 World Cup 2021. (Photo Source: Twitter)

১৭ই অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা ২০২১ টি-২০ বিশ্বকাপের আগে খেলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের নিয়ামক বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যতোটা সম্ভব বেশি ওভারের ম্যাচ খেলানোর।  

ন্যূনতম ১০ ওভারের ইনিংস বাধ্যতামূলক

প্রচলিত নিয়ম অনুযায়ী যেকোন টি-২০ ম্যাচে ফল হওয়ার জন্য দুই দলকে ন্যূনতম পাঁচ ওভার ব্যাটিং করা বাধ্যতামূলক। প্রথম রাউন্ড ও সুপার ১২তে এই একই নিয়ম বজায় থাকলেও সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নিয়মে বদল এনেছে আইসিসি। ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী নক-আউট ম্যাচ থেকে উভয় দলকেই ন্যূনতম ১০ ওভারের ইনিংস খেলতেই হবে ম্যাচের ফল নির্ধারণ করার জন্য।

পুরুষদের ক্রিকেটে প্রথমবার হলেও এই নিয়মের প্রয়োগ পূর্বে মহিলাদের ক্রিকেটে দেখা গেছে। মহিলাদের ২০২০ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালেও আইসিসি এই নিয়মটি প্রয়োগ করেছিল। ওই বিশ্বকাপে দুটি সেমিফাইনালই বৃষ্টিবিঘ্নিত ছিল। ভারত ও ইংল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গেলেও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি খেলা হয় এবং ডাকওয়ার্থ-লিউইস-স্টার্ন নিয়মে অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী হয়।

ম্যাচ হেরে প্রোটিয়াদের অধিনায়ক ডেন ভান নিকার্ক বলেছিলেন, “না খেলে বিনামূল্যের টিকিটে ফাইনালে যাওয়ার চেয়ে ম্যাচ খেলে হারাকে যেকোন দিন এগিয়ে রাখব।”

সেই প্রসঙ্গে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, “ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হলে খেলা বা না খেলাটা একজনের পছন্দের উপর নির্ভর করে না। তাছাড়া না খেলে ফাইনালে যাওয়াটা কখনোই বিনামূল্যের টিকিট নয়, বরং গ্রুপ পর্বে ভালো খেলার পুরস্কার।”

ডিসিশন রিভিউ সিস্টেমের প্রথম ব্যবহার

এই টি-২০ বিশ্বকাপে আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচ খেলা হবে ওমান ও পাপুয়া নিউ গিনির মধ্যে। সুপার ১২ পর্ব শুরু হবে আবু ধাবিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে।

এইবারই প্রথম কোন পুরুষদের টি-২০ বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করা হবে। কড়া কোভিড বিধির মধ্যে বসতে চলেছে এই বছরের আইসিসি টি-২০ বিশ্বকাপ। ধারণা করা হচ্ছে স্টেডিয়ামের মোট আসনসংখ্যার ৭০ শতাংশ আসনে দর্শকদের প্রবেশাধিকার থাকবে। তবে সব কিছুই হবে কড়া কোভিড প্রোটোকল মেনে। এদিকে আইসিসি ইতিমধ্যেই ২০ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করে দিয়েছে। ভারত থেকে সুযোগ পেয়েছেন একমাত্র আম্পায়ার নীতিন মেনন।  

close whatsapp