বিরাট মুকুটে নতুন পালক, ঘরের মাঠে শততম একদিনের ম্যাচ খেলার নজির বিরাট কোহলির
আপডেট করা - Feb 9, 2022 2:43 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামার অপেক্ষা ছিল বিরাট কোহলির। রোহিত ফেরার পর মাঠে নামতেই বিরাট কোহলির মুকুটে নতুন পালক। ভারতীয় দলের পঞ্চম ক্রিকেটার হিসাবে ঘরের মাঠে শততম ম্যাচ খেলার নজির গড়লেন বিরাট কোহলি। শুধু আফসোস একটাই রয়ে গেল, শততম ম্যাচে সেঞ্চুরির প্রত্যাশা পূরণ হল না তাঁর। আবারও একটা ব্যর্থতাকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হল বিরাট কোহলিকে। সচিন, আজহারউদ্দিনেরদের সঙ্গে এলিট তালিকায় নাম তোলার দিনটা খুব একটা ভাল গেল না তাঁর।
আহমেদাবাদে ভারতের হাজারতম ম্যাচে নতুন রেকর্ড গড়েথিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটার হিসাবে ঘরের মাঠে ৫০০০ রানের মালিক হয়েছিলেন তিনি। তবে সেই ম্যাচের থেকেই সকলের নজর ছিল বেশী এই ম্যাচে। কারণ ভারতের মাটিতে কেরিয়ারের ১০০ তম একদিনের ম্যাচে নামতে চলেছেন বিরাট। প্রথম ম্যাচে রান না পেলেও, এই ম্যাচ থেকেই সকলেই তাঁর ব্যাটে রান চেয়েছিলেন। রেকর্ড গড়লেও, রানের খরা কাটল না বিরাটের।
ভারতের মাটিতে এর আগে শততম ম্যাচ খেলার রেকর্ড হড়েছিলেন মাত্র চারজন ক্রিকেটার। সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, এম এস ধোনি এবং যুবরাজ সিং। আহমেদাবাদে ভারতের ১০০০ তম ম্যাচে কেরিয়ারের ৯৯ তম ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। অপেক্ষা ছিল তাঁর শততম ম্যাচে নামার। বুধবারই সেই মাইলস্টোনের সামনে ছিলেন বিরাট। রোহিত শর্মা সাজঘরে ফেরার পরই মাঠে আসেন বিরাট কোহলি। সেইসঙ্গেই ঘরের মাঠে ১০০টি একদিনের ম্যাচ খেলার নজিরের মালিক প্রাক্তন ভারত অধিনায়ক।
ঘরের মাঠে পঞ্চম ভারতীয় হিসাবে শততম ইনিংস খেললেন বিরাট কোহলি
অপেক্ষা ছিল বিরাটের ব্যাট থেকে একটা বড় ইনিংসের। কিন্তু সেই অপেক্ষাটা বেড়েই চলেছে। বিরাট ভক্তদের এদিনও হতাশা ছাড়া আর কিছুই মেলেনি। এই মুহূর্তে ২৫৯টি ম্যাচে বিরাট কোহলির রান রয়েছে ১২.২১৮। আর ঘরের মাঠে ১০০ ম্যাচে বিরাট কোহলির রান এখন ৫০২০। একের পর এক নজির গড়ে চললেও, বিরাটের পারফরম্যান্স নিয়ে কিন্তু কথা থামছে না।
বুধবার শুধু ১০০ ম্যাচ খেলার হাতছানিই নয়, বিরাটের সামনে ছিল সচিন তেন্ডুলকরের আরও একচি রেকর্ড ছোঁয়ার সুযোগ। ঘরের মাঠে সচিনের রয়েছে ২০টি সেঞ্চুরি। বিরাটের ১৯টি। ঘরের মাঠে শততম ম্যাচে সেঞ্চুরি করতে পারলেই মাস্টার ব্লাস্টারের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতেন বিরাট। কিন্তু হল না। ক্যারিবিয়ান বোলার স্মিথের বলেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাট কোহলিকে।
ব্যাট হাতে এদিন শুরুটা ভাল করলেও, ক্রিজে দীর্ঘক্ষণ টিকে থাকতে পারেননি বিরাট কোহলি। মাত্র ১৮ রানেই শেষ হয়ে যায় বিরাটের ঘরের মাঠে শততম ইনিংস। সেই আফসোস নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। হতাশা বিরাট ভক্তদেরও।