ডিআরএসের পুরো নাম ‘ডেফিনিটলি রোহিত সিস্টেম’ রাখার প্রস্তাব গাভাস্কারের
রোহিত তিনবার সফলভাবে রিভিউ ব্যবহার করায় ভারত তিনটি উইকেট পায়
আপডেট করা - Feb 7, 2022 10:50 am

পূর্ণ-সময়ের ভারতীয় ওডিআই অধিনায়ক হিসাবে রোহিত শর্মার কার্যকাল শুরু হল সফলভাবে। আহমেদাবাদে সিরিজের প্রথম ম্যাচে ‘মেন ইন ব্লু’ ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করার সময় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার তাঁর বেশ কিছু সিদ্ধান্তের উপর আলোকপাত করেছেন।
গোটা ম্যাচ জুড়ে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার ক্ষেত্রে রোহিত চমৎকার বুদ্ধিমত্তা দেখিয়েছেন। মাঠের আম্পায়ারদের নেওয়া তিনটি সিদ্ধান্ত বদলে ভারতের পক্ষে চলে যায় ‘হিটম্যান’ ডিআরএসের সফল ব্যবহার করার ফলে। রোহিতের বিচক্ষণ সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই দর্শকদের দৃষ্টি এড়ায়নি এবং কিংবদন্তী গাভাস্কারও ব্যতিক্রম নন। প্রাক্তন ভারতীয় ওপেনার রোহিতের ডিআরএস ব্যবহারে দক্ষতা দেখে তাঁর প্রশংসা করেছেন।
রোহিত রিভিউয়ের আদর্শ ব্যবহার করেছেন, বললেন গাভাস্কার
সাধারণত ডিআরএস ব্যবহারে ধোনির অভাবনীয় সাফল্যের কারণে মজা করে বলা হয়ে ডিআরএসের পুরো নাম হওয়া উচিত ধোনি রিভিউ সিস্টেম। কিন্তু গাভাস্কার বলেছেন যে ডিআরএসের নামকরণ এখন থেকে করা উচিত ডেফিনিটলি রোহিত সিস্টেম। ৭২ বছর বয়সী আরও যোগ করেছেন যে রোহিত রিভিউ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণে দুর্দান্ত পারদর্শিতা দেখিয়েছেন।
“রোহিত শর্মা রিভিউগুলোর একেবারে আদর্শ ব্যবহার করেছেন। আগে যখন ধোনি ভুলের চেয়ে বেশি সঠিক সিদ্ধান্ত নিতেন, তখন এটিকে ধোনি রিভিউ সিস্টেম বলা হত। এখন আপনি এটিকে ‘ডেফিনিটলি রোহিত সিস্টেম’ হিসাবে আখ্যায়িত করতে পারেন,” স্টার স্পোর্টসে একটি আলোচনায় সুনীল গাভাস্কার বলেছেন।
রোহিত শর্মার হাফ সেঞ্চুরি ভারতকে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করতে সাহায্য করে
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের প্রদর্শন একেবারেই ভালো হয়নি। প্রথমে ব্যাট করে ‘মেন ইন মেরুন’ ১৭৬ রানে অল আউট হয়ে যায়। ৫৭ রান করে একমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন জেসন হোল্ডার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটারও ৩০ রানের স্কোর অতিক্রম করতে পারেননি।
ভারতের হয়ে, যুজবেন্দ্র চাহাল এবং ওয়াশিংটন সুন্দরের স্পিন বোলিং জুটি নাকানিচোবানি খাইয়ে ছেড়েছে ক্যারিবিয়ানদের। দুজনে মিলে মোট ৭ উইকেট নিয়েছিলেন। জবাবে, ভারত ৬ উইকেট ও ২২ ওভার বাকি থাকতেই সহজে লক্ষ্য অতিক্রম করে।
রোহিত শর্মা ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন এবং অর্ডারের শীর্ষে ১২০-র কাছাকাছি স্ট্রাইক রেটে ৬০ রান করেন। রোহিত ছাড়াও, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণও অবদান রেখেছেন যথাক্রমে ৩৪* এবং ২৮ রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের ২য় ওডিআই ও ৩য় ওডিআই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।