ব্যাটে রান পেয়ে আত্মবিশ্বাসী রোহিত, প্রথম জয়ের পরই ক্রিকেটারদের দিলেন বার্তা

Rohit Sharma and Ishan Kishan
Rohit Sharma and Ishan Kishan. (Photo Source: Twitter)

অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হওয়ার কথা ছিল রোহিত শর্মার। কিন্ত চোটের জন্য তা তিনি করতে পারেননি।  প্রায় দু মাস মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন রোহিত। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ১০০০ তম ম্যাচে প্রথমবার পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন হিটম্যান। প্রথম ম্যাচেই চূড়ান্ত সাফল্য। জয় তে পেয়েছেনই, সেইসঙ্গে তাঁর ব্যাটে এসেছে অর্ধশতরান। এই পারফরম্যান্সই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে রোহিতকে। একইসঙ্গে দলের ব্যাটিং পারফরম্যান্সের দিকেও বাড়তি নজর দিতে চান রোহিত।

টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বল হাতে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় বোলাররা। বিশেষ করে যুজবেন্দ্র চাহাল এদিনের ম্যাচের নায়ক। তিনি একাই ৪ উইকেচট নিয়ে ভারতের জয়ের রাস্তাটা সুগম করে দিয়েছিলেন। ভারতীয় দলের অধিনায়ক বোলার পারফরম্যান্স নিয়ে খুশি হলেও, ব্যাটিং পারফরম্যান্স কিন্তু খানিকটা হলেও চিন্তায় রাখছে হিটম্যানকে।

আরও কম উইকেট খুইয়ে জেতার ব্যপারে আশাবাদী ছিলেন রোহিত

ম্যাচ শেষে রোহিত শর্মা জানান, “আমি পারফেক্ট গেমে বিশ্বাসী নই। এখান থেকেই আমাদের আরও ভাল পারফরম্যান্স করে যেতে হবে। যদিও এই ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। যা যা করতে চেয়েছি আমরা পেরেছি। তা নিয়ে যথেষ্ট খুশি। কিন্তু দলের ব্যাটিংয়ের সময় আরও কম উইকেট হারানো উচিত্ ছিল আমাদের”।

ওপেনিংয়ে অভিজ্ঞ কেউ তেমন নেই। রোহিত শর্মার কাঁধেই ছিল বাড়তি দায়িত্ব। শুরু থেকেই অধিনায়কের মতো ইনিংস খেলা শুরু তাঁর। ক্যারিবিয়ান বোলারদের রীতিমত বিধ্বস্ত করে তোলেন তিনি। কিন্তু রোহিত ফিরতেই যেন খানিকটা বেকায়দায় পড়ে যায় ভারতীয় ব্যাটিং লাইনআপ। রোহিত যখন সাজঘরে ফিরেছিলেন তখন ভারতের রান ছিল ১ উইকেটে ৮৪। সেখান থেকেই মাত্র ৩২ রানের মধ্যে ৩ উইকেট খোয়ায় ভারত। সাজঘরে ফিরে যান বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং ইশান কিষাণ। সেই ভুল শোধরানোর দিকে যে প্রথম দিন থেকেই নজর ভারত অধিনায়কের তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম জয়ের পর সতীর্থদের উদ্দেশ্যে বার্তা রোহিত শর্মার

প্রথম ম্যাচ জিতলেও, “এখনই আত্মতুষ্টির কোনও জায়গা নেই তাদের দল। রোহিত শর্মা জানান,  আমরা দলগত ভাবে আরও উন্নত হতে চাই। দল যা চায় সেটাই আমাদের পেতে হবে। সমস্ত ক্রিকেটারদের কাছে একটাই জিনিস চাই, প্রত্যেকে যেন নিজেদের পারফরম্যান্সকেই চ্যালেঞ্জ করে”।

প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০-এ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। লক্ষ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা। প্রথম ম্যাচে ফিরেই রানের মুখ দেখেছেন রোহিত শর্মা। চোট কাটিয়ে উঠে তিনি এখন ফিট। এই পারফরম্যান্সটাই তাঁকে রসদ যোগাচ্ছে আগামী দিনের জন্য। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল সফল্যের পথ ধরে কতদূর এগোয় সেটাই এখন দেখার।

 

close whatsapp