ধওয়ানের দিকে নজর নাইট রাইডার্স, মুম্বই ও লখনউ সুপার জায়ান্টসের

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo by Brett Hemmings/Getty Images)

কী হবে আইপিএলের মেগা নিলামে। তা জানতে হলে অপেক্ষা করতে হবে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত।কিন্তু আসন্ন আইপিএএল ঘিরে এখন থেকেই সাজোসাজো রব উঠে গিয়েছে। ভারতীয় ক্রিকেট মহলেও উত্তেজনার পারদ তুঙ্গে। শেষপর্যন্ত কোন ক্রিকেটারের মুখে হাসি ফোটে তা দেখার অপেক্ষাতেই রয়েছে সকলে। একইসঙ্গে তারকা থেকে উঠতি খেলোয়াড়দের নিয়ে হিসাব নিকাশও শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।

বেশ কিছু ক্রিকে়টারদের নাম এখন থেকেই ঘোরপাক খাচ্ছে। যেমন সেরা দশ মার্কি ক্রিকেটাররা রয়েছেন সেখানে, তেমনই তরুণ ক্রিকেটারদের নিয়েও নানান কাটাছাঁড়ে চলছে। আর সেখানেই এবার সকলের চোখ শিখর ধওয়ানের দিকে। প্রায় ছ মাস পর ভারতীয় দলের জার্সিতে ফিরেছেন শিখর ধওয়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারফর্ম্যান্সও বেশ ভালই দেখিয়েছেন। তাই তিনটি ফ্র্যাঞ্চাইজির নজর এখন থেকেই রয়েছে তাঁর দিকে।

মুম্বই ইন্ডিয়ান্সের নজরে রয়েছেন শিখর ধওয়ান

সবার আগে তাঁকে নিতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। হবে নাইবা কেন, এবারের আইপিএলের আগে দলের অন্যতম সেরা ওপেনার কুইন্টন ডিকক-কে ছেড়ে দিয়েছেন তারা। ভারতীয় দলে এর আগেও বহুবার রোহিত শর্মা এবং শিখর ধওয়ানের ওপেনিং জুটির সাফল্য দেখেছেন অনেকেই। মুম্বই ইন্ডিয়ান্স এবার সেই জুটিকেই হয়ত কাজে লাগাতে চাইছেন। তবে শেষপর্যন্ত তাঁকে তুলতে পারেন কিনা সে তো সময়ই বলবে। আইপিএলের প্রথম মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেই খেলেছিলেন শিখর ধওয়ান।

শুভমন গিলের জায়গায় ধওয়ানকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স

অন্যদিকে ধওয়ানকে নেওয়ার ছক কষতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম। তার আগে দলের ওপেনার শুভমন গিলকেও ছেড়ে দিয়েছেন তারা। যদিও শুভমন ইতিমধ্যেই আহমেদাবাদে নিজের জায়গা করে নিয়েছেন। এবার তাই শিখর ধওয়ানকে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এছাড়া ওপেনিংয়ে শিখর ধওয়ানের যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। শুধু তাই নয় আইপিএলের কেকেআরের বিরুদ্ধে ১০০০ রানও রয়েছে গব্বরের। শুভমন যাওয়ার পরে সেই জায়গায় ধওয়ানই হয়ত সবচেয়ে যোগ্য।

ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে গব্বরকে পছন্দ লখনউ সুপার জায়ান্টসের

এবারই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে আত্মপ্রকাশ করেছে লখনউ সুপার জায়ান্ট। আইপিএলের মঞ্চে বিরাট অঙ্কে এসেছে সঞ্জীব গোয়েঙ্কার এই নতুন ফ্র্যাঞ্চাইজি। শুরুতেই ১৭ কোটি টাকায় লোকেশ রাহুলকে নিয়ে দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে তারা। এবার লোকেশের ওপেনিং পার্টনার হিসাবে শিখর ধওয়ানের দিকেই নজর লখনউ সুপার জায়ান্টসের। আইপিএলে দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে শিখর ধওয়ানের। তাই শুরু থেকেই লোকেশ রাহুলের সঙ্গে তাঁকে রেখে শক্তিশালী দল গঠন করতে চাইছে লখনউ।

যদিও এসবই এখন পর্যন্ত পূবাভাস। ১২ ও ১৩ ফেব্রুয়ারীর নিলামে কী কী চমক রয়েছে, তা সময়ই বলবে।

close whatsapp