অন্তত দুটি দল চেয়েছিলেন ক্রিস গেইলের নাম আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় থাকুক
ক্রিস গেইল আইপিএলে সবচেয়ে বেশী সেঞ্চুরি করা ক্রিকেটার
আপডেট করা - Feb 1, 2022 6:52 pm

বহুল প্রতীক্ষিত ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মেগা নিলামের জন্য খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। মোট ৫৯০ জন ক্রিকেটারকে তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে দশটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। সেই তালিকায় দেশ-বিদেশের অনেক নাম উপস্থিত থাকলেও বেশ কিছু নাম অনুপস্থিত রয়েছে যাঁরা আইপিএলে এ যাবৎ উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
অনুপস্থিত সেই নামগুলির মধ্যে একটি নাম হল ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ২টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি যাদের জন্য গেইল অতীতে তাঁর পরিষেবা প্রদান করেছিলেন তারা গেইলের নাম চূড়ান্ত নিলাম তালিকায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তারপর, গেইল সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আইপিএল ২০২২-এ অংশ নেবেন না। ১৪২টি আইপিএল ম্যাচে ১৪৮.৯৬ স্ট্রাইক রেটে ৪৯৬৫ রান করেছেন গেইল। ৬টি আইপিএল সেঞ্চুরি আছে তাঁর।
গেইল ছাড়া ২০১৭ আইপিএলের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হওয়া ক্রিকেটার বেন স্টোকস ও মিচেল স্টার্কের মতো বড় নামও নিলামের তালিকায় না থাকায় তাঁরা এই বছরের আইপিএলে থাকছেন না। গেইল বর্তমানে ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। এই সংস্করণের জন্য মোট ৩৪ জন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার নিজের নাম নথিভুক্ত করেছেন।
এই বছরের আইপিএল মেগা নিলামের জন্য ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার অংশ নিচ্ছেন
এই বছর আইপিএল মেগা নিলামে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্যে বেশ কিছু ক্রিকেটার আগে ভারতের হয়ে জাতীয় দলে খেললেও অধিকাংশই আনক্যাপড ক্রিকেটার। অনামী অখ্যাত ক্রিকেটারদের প্রচারের আলোয় নিয়ে আসার জন্য আইপিএল বরাবরই একটি মঞ্চ হিসেবে উঠে এসেছে। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে শাহরুখ খান, রাহুল ত্রিপাঠী, রাহুল তেওয়াটিয়ারা ভালো দাম পেতে পারেন।
আইপিএলের ২০২২ সংস্করণে দুটি নতুন দল সংযোজিত হওয়ায় এবারের নিলামে ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে অনেক বেশী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। এবারের নিলামে আগের বারের চেয়ে বেশী অর্থ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের হাতে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল গড়ার জন্য ৯০ কোটি টাকা খরচ করতে পারবে, যার মধ্যে প্লেয়ার রিটেনশন নীতির কারণে বেশ কিছু ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাওয়ায় সব ফ্র্যাঞ্চাইজিই বেশ কিছু কোটি টাকা খরচ করে ফেলেছে ইতোমধ্যেই।