জাতীয় দলে ডাক পাওয়ার খবর এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারেননি দীপক হুডা

২০১৭ সালে ভারতীয় দলে ডাক পেলেও একটিও ম্যাচ খেলা হয়নি সেইবার

Deepak Hooda
Deepak Hooda. (Photo Source: Instagram)

২০১৭ সালে শেষবার ভারতীয় দলে ডাক পাওয়া রাজস্থানের অলরাউন্ডার দীপক হুডা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে আবার ডাক পেয়েছেন। ২০২১-২২ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্সের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ডাক না পেলেও ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলা সিরিজের জন্য তিনি নির্বাচিত হওয়ায় সেই পারফর্ম্যান্সের স্বীকৃতি মিলল।

২৬ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার ও স্পিন বোলিং অলরাউন্ডার দুর্ভাগ্যবশত গতবার ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি কারণ পুরো সময়ই রিজার্ভ বেঞ্চে ঠাঁই হয়েছিল তাঁর। অবশেষে আরেকটি সুযোগ এল, যদিও সেই সুযোগ আসতে আসতে পাঁচ বছর লেগে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজের জন্য ১৮-সদস্যের ওয়ানডে দলে থাকলেও এবার প্রথম একাদশে তাঁর স্থান হয় কি না সেটা দেখার বিষয় হবে। 

এক বছরেরও বেশী সময় ধরে নানা ঝড়ঝাপ্টা সামলেছেন দীপক হুডা

হুডাকে গত বছর একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল কারণ শোনা গিয়েছিল তাঁর তৎকালীন ঘরোয়া ক্রিকেট দল বরোদার সতীর্থ ক্রূণাল পান্ডিয়ার সাথে একটি মৌখিক বিবাদে জড়িয়ে পড়েছিলেন হুডা এবং ঘটনার প্রতিক্রিয়ায় বায়ো বাবল ছেড়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সৈয়দ মুশতাক আলি ট্রফি খেলতে বরোদা ছেড়ে রাজস্থানের হয়ে খেলতে যান এবং ২০২১ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেন।

হুডা উল্লেখ করেছেন যে জাতীয় দলে ডাক পাওয়ার খবর দেখে তিনি এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না এবং গত বছর থেকে তাঁকে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সেই প্রসঙ্গে বলেছেন। কঠিন সময়ে তাঁকে সাহায্য করার জন্য তিনি পাঠান ভাইদের কৃতিত্ব দেন এবং অবশেষে পরিশ্রমের পুরষ্কার পেয়ে আনন্দিত তিনি। 

“এখনও পুরোপুরি বিশ্বাস হয়নি। গত বছরে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছিল, কিন্তু ইরফান ভাই (ইরফান পাঠান), ইউসুফ ভাই (ইউসুফ পাঠান) এবং আমার পরিবারের সকল সদস্যদের সহায়তায় আমি সমস্ত সমস্য কাটিয়ে উঠে আবার বড় স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। অনুভূতিটি শব্দে বর্ণনা করা কঠিন, তবে নিশ্চিতভাবে, এটি জীবনের অন্যতম বড় আনন্দের মুহূর্তগুলির মধ্যে একটি,” স্পোর্টসটারকে হুডা জানিয়েছেন।

“আরেকটি সুযোগ পেতে আমার পাঁচ বছর লেগেছে। সত্যি কথা বলতে, প্রতি মরসুমের আগে ভেবেছিলাম এবার দলে জায়গা পাবো, কিন্তু সেটা কখনও হয়নি। তবে গত এক বছর আমাকে শিখিয়েছে যে আপনাকে আপনার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে,” তিনি যোগ করেছেন। 

২০১৪ সালে রাজস্থান রয়্যালস থেকে শুরু করার পরে হুডা বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং এই পাওয়ার-হিটিং ব্যাটার মিডল অর্ডারে একজন দক্ষ ব্যাটার হয়ে ওঠার পাশাপাশি ষষ্ঠ বোলারের অভাব পূরণ করবেন বলে আশা করা হচ্ছে।   

close whatsapp