ভারতের বিরুদ্ধে একদিনের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দলে ফিরলেন কেমার রোচ
আপডেট করা - Jan 27, 2022 4:48 pm

বুধবার রাত ১১ টায় ওয়েস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১২ ঘন্টাও কাটতে পারেনি, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার সকালেই ১৫ সদস্যের একদিনের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দীর্ঘ দু বছর পর ফের ক্যারিবিয়ান শিবিরে ফিরলেন ক্যারিবিয়ান তারকা কেমার রোচ। একইসঙ্গে দলে এলেন এনক্রুমা বোরেন এবং ব্রেন্ডন কিং। ভারতের বিরুদ্ধে বোলিংকে আরও শক্তিশালী করতেই কেমার রোচকে দলে ফেরানোর সিদ্ধান্ত ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের।
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়োন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ক্যারিবিয়ান বোলার থেকে ব্যাটাররা। আয়ারল্যান্ড সিরিজ জয়ের পর এখন তাদের লক্ষ্য ইংল্যান্ড সিরিজ জয়। আর সেই লক্ষ্যে ২-১-এ সিরিজে এগিয়েও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধেও সেই ধারা অব্যহত রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে নামার আগে তাই ভারতীয় দলকে দেখে নিতে চাইছিল ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড। গতকালই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য একদিন এবং টি টোয়েন্টি দল একসঙ্গে ঘোষণা করেছে বিসিসিআই। আর তারই ১০ ঘন্টা কাটতে না কাটতেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আর সেই দলেই সকলকে চমকে দিয়ে এবার নিজের জায়গা করে নিলেন কেমার রোচ। তাঁকে ফেরানো প্রসঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের চিফ ডিরেক্টর ডেসমন্ড হেইন্স জানান, “কেমার রোচ এই মুহূর্তে আমাদের অন্যতম সেরা পেসার। এবং ভারতকে রুখতে আমাদের শুরুতেই বেশকিছু উইকেট তুলে নেওয়ার প্রয়োজন। সেই কথা হিসাব করেই ভারতের বিরুদ্ধে কেমার রোচকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া কেমার রোচের ইকনমি রেটও বেশ ভাল। সেই সমস্ত দিক ভেবেই এই সিদ্ধান্ত”।
ওয়েস্ট ইন্ডিজ সফরে এই মুহূর্তে সেরা পেসারদের মধ্যে অন্যতম সেরা বোলার হলেন কেমার রোচ। কিন্তু প্রায় দু বছর ধরে ক্যারিবিয়ান শিবিরের একদিনের দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। যদিও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট শিবিরের সদস্য হিসাবে রয়েছেন তিনি। কিন্তু ভারতের বিরুদ্ধে দল ঘোষণার আগেই তাঁকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯২টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের একদিনের দল
কায়রণ পোলার্ড (অধিনায়ক) ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমা বোনার, ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরাণ, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, হেডেন ওয়ালশ জুনিয়র।
একদিনের সিরিজের দল ঘোষণা হলেও, এখনই টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবারই ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি দল ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ।