বিপিএল ২০২২ঃ জানুন ছয়টি দলের অধিনায়কদের রেকর্ড সম্বন্ধে

শাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুরদের মতো অভিজ্ঞদের পাশাপাশি নতুন প্রজন্মের মিরাজও দায়িত্ব সামলাবেন

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by Md Manik/SOPA Images/LightRocket via Getty Images)

বিপিএলের অষ্টম সংস্করণ চলেই এল। এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল- মিনিস্টার ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট সানরাইজার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে, মেহেদী হাসান মিরাজ থাকবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্বে, শাকিব আল হাসান সামলাবেন ফরচুন বরিশালকে, মুশফিকুর রহিম খুলনা টাইগার্সের অধিনায়ক, মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্ব দেবেন সিলেট সানরাইজার্সকে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইমরুল কায়েসের নেতৃত্বাধীন।

রইল ছয় দলের অধিনায়কদের সম্বন্ধে বিস্তারিত বিশ্লেষণ

মাহমুদউল্লাহ রিয়াদ (মিনিস্টার ঢাকা)

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বিপিএলেও বেশ সফল। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাসমৃদ্ধ তিনি। এর মধ্যে জয় এসেছে ৩৮ ম্যাচে। বাকি ৩৭টি ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে তাঁকে, টাই হয়েছে ১টি ম্যাচ। যদিও অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ একবারও শিরোপা জেতেননি। তাঁর অধীনে বরিশাল বুলস ও চট্টগ্রাম কিংস একবার করে ফাইনাল খেলেছে, যদিও দুটি ফাইনালেই মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল হারে।

মেহেদী হাসান মিরাজ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)

২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মনোমুগ্ধকর নেতৃত্বগুণ প্রদর্শন করা মিরাজ নেতৃত্ব দেবেন একঝাঁক তরুণ ক্রিকেটারে ভরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। বিপিএলে এর আগে অধিনায়কের ভূমিকায় তিনি রাজশাহী কিংসকে মোট ১২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬টিতে জিতেছিলেন।

শাকিব আল হাসান (ফরচুন বরিশাল)

এখন পর্যন্ত ৬৪টি ম্যাচে অধিনায়কত্ব করা শাকিব ৩৯টি ম্যাচে জিতে মাঠ ছেড়েছেন। বিপিএলে কোনো অধিনায়কের সর্বোচ্চ জয়ের রেকর্ডে শাকিব দ্বিতীয় স্থানে (তালিকায় সবার উপরে মাশরাফি বিন মোর্তাজা, ৫৪টি ম্যাচে পেয়েছেন জয়)। অধিনায়ক হিসেবে শিরোপাও জিতেছেন শাকিব। ২০১৬-১৭ মরসুমে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন বিপিএলের শিরোপা।

মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স)

বিপিএলে ৭৩টি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলেছেন মুশফিকুর, যা অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এর মধ্যে জয় এনে দিয়েছেন ৩৭টি ম্যাচে। যদিও একবারও শিরোপা জেতেননি তিনি। সর্বশেষ আসরে খুলনা টাইগার্সকে ফাইনালে তুলেছিলেন রহিম।

মোসাদ্দেক হোসেন সৈকত (সিলেট সানরাইজার্স)

বিপিএলে মোসাদ্দেকের অধিনায়কত্বের রেকর্ড একেবারেই ভালো নয়। সর্বশেষ সংস্করণে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সিলেট থান্ডারকে। চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে ৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ১টি ম্যাচে দলকে জেতাতে পেরেছিলেন তিনি, হেরেছিলেন বাকি ৭টি ম্যাচেই। সিলেট এবারও বিস্ময়করভাবে তাঁকেই নেতৃত্বর জন্য বেছে নিয়েছে।

ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

বিপিএলে ইমরুলকে অধিনায়ক হিসেবে দেখা গেছে ১৭টি ম্যাচে, যার মধ্যে ১২টি ম্যাচেই জিতেছেন তিনি। পরাজয় মাত্র ৫টি ম্যাচে। বিপিএলের ইতিহাসে কমপক্ষে ১০ ম্যাচে অধিনায়কত্ব করা অধিনায়কদের মধ্যে শতকরা হিসেবে সবচেয়ে বেশি জয়ের হার ইমরুলের – ৭০.৫৮ শতাংশ। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা জিতেছিল ইমরুলের অধীনে।

close whatsapp