পিঠের চোটের কারণে বিপিএলের শুরুতে অনিশ্চিত ঢাকার মাশরাফি মোর্তাজা
২০২০-র ডিসেম্বরের পর আর প্রতিযোগিতামূল ক্রিকেট খেলেননি মোর্তাজা
আপডেট করা - Jan 19, 2022 10:11 am

অনুশীলন শুরুর আগে মাশরাফি মোর্তাজা জানিয়ে দিলেন তিনি ১০০ শতাংশ ফিট অনুভব করছেন না। বরাবরই চোটে ভোগা মাশরাফি পিঠের চোটের কারণে মঙ্গলবার সকালে প্র্যাকটিস করেননি। চোট সেরে ওঠার ব্যাপারে নিশ্চিত হলেই অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। দিন দশেক ধরে তিনি অনুশীলন করলেও তারই মাঝে তাঁর পুরনো চোট মাথাচাড়া দিয়ে উঠেছে।
পর্যবেক্ষণে থাকবেন মাশরাফি
এদিন সকাল সাড়ে ১০টায় অনুশীলন ছিল ঢাকার ক্রিকেটারদের। মাশরাফি ওয়ার্ম আপ করে বোলিং মার্কের দিকে ছুটে গেলেও তিনবার ডেলিভারি না করেই ফিরে এসেছেন। এরপর আর অনুশীলনে দেখা যায়নি তাঁকে। মিনিস্টার ঢাকার ফিজিও এনামুল হক মাশরাফির চোট পাওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন আগামীকাল বুধবার পর্যন্ত মাশরাফিকে তাঁরা পর্যবেক্ষণে রাখবেন।
তিনি বলেছেন, “যেহেতু মাশরাফি ব্যথা পেয়েছেন তাই বোলিং বন্ধ করে দিয়েছেন। কালকের দিনটি গেলে বোঝা যাবে কী অবস্থায় আছেন তিনি। আমরা তাঁকে পর্যবেক্ষণে রাখছি। রাতে যদি ব্যথা কমে যায় তাহলে তিনি বোলিংয়ে ফিরতেও পারেন।”
মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ১৮ই ডিসেম্বর, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে চট্টগ্রামের বিপক্ষে। এরপর আর মাঠে নামতে দেখা যায়নি তাঁকে।
কোভিডের প্রাদুর্ভাব বিপিএলে
২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম সংস্করণ। টুর্নামেন্ট শুরুর আগে ১৮ই জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা ক্রিকেটার ও কোচিং স্টাফদের। এরই মধ্যে কোভিডের ছায়া টুর্নামেন্টে।
জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকাল বিভাগ। প্রাথমিক পরীক্ষার পর দেখা যায় ৩-৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ড. দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “প্রথম পরীক্ষায় ৩-৪ জন করোনা পজিটিভ হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে আরও বারদুয়েক করোনা পরীক্ষা করা হবে।”
২১শে জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। ওই দিনেই দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মোকাবিলা করবে মিনিস্টার গ্রুপ ঢাকা।
লিগ পর্যায়ের পর ১৪ই ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ই ফেব্রুয়ারি। ১৮ই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এবারের বিপিএলের আসর। আপতকালীন ব্যবস্থা হিসেবে ১৯শে ফেব্রুয়ারি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। প্লে-অফ পর্বের চারটি ম্যাচই হবে ঢাকায়।