বিরাটের ওপর কোনওরকম চাপ ছিল না, জানালেন বোর্ড কোষাধ্যক্ষ অরুণ ধুমাল
আপডেট করা - Jan 15, 2022 9:17 pm

টি টোয়েন্টি, একদিনের পর এবার টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই বিরাট কোহলির হঠাত্ এই সিদ্ধান্ত। আর তাতেই জল্পনা তুঙ্গে। তবে কী কোনএরকম চাপের কাছে নতি স্বীকার করে দায়িত্ব ছাড়লেন বিরাট কোহলি। আর সেই প্রশ্ন উঠতেই সোজা সাপ্টা জবাব বোর্ড কর্তাদের। বিরাটের ওপর কোনওরকম চাপ ছিল না। তিনি নাকি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আরও কয়েকবছর বিরাট অধিনায়কত্ব সামলাবেই ভেবেছিলেন বোর্ড কর্তারা।
গতবছরের ডিসেম্বর থেকেই বোর্ড বনাম বিরাট কোহলির সংঘাতটা শুরু হয়ে গিয়েছিল। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট। টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয় ভারতীয় দল। বিরাট দেশে ফেরার পর থেকেই তাঁকে ঘিরে সমালোচনা, জল্পনা ছিল তুঙ্গে। শোনাযাচ্ছিল বোর্ড কর্তারা নাকি অসন্তুষ্ট বিরাট কোহলির ওপর। তাঁর অধিনায়কত্ব নিয়ে উঠছিল প্রশ্ন।
এরপরই দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতের একদিনের দলের অধিনায়কত্ব খোয়ান বিরাট কোহলি। এরপরই বোর্ড বনাম কোহলি সংঘাতটা চরমে পৌঁছয়। সকলের সামনেই বিরাট বোর্ডের বিরুদ্ধে মুখ খোলেন। তাঁর অধিনায়কত্ব না থাকার বিষয়টা নাকি মাত্র দেড় ঘন্টা বিরাটকে জানানো হয়েছিল বোর্ডের তরফে। সেভাবে কোনও আলোচনাই হয়নি। এরপরই বিরাটের বিরুদ্ধে সরব হয় বোর্ড কর্তা থেকে নির্বাচকরা। শুরু হয় দ্বন্দ্ব। এরই মাঝে দক্ষিণ আফ্রিকা সফর।
আর সেই সিরিজে অধিনায়ক বিরাট ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে গেলেও শেষপর্যন্ত তা পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার কাছে ২-১-এ টেস্ট সিরিজ হেরেই থামতে হয়েছে ভারতকে। আর সেই হারের ২৪ ঘন্টার মধ্যেই বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা। এমন সময়ে বিরাটের ওপর কোনও চাপ ছিল কিনা সেই প্রশ্ন তো উঠবেই। যদিও তাণর ওপর কোনওরকম চাপ ছিল না বলেই জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল নিউজ এট্টিনকে জানিয়েছেন, “বিরাট কোহলির ওপর কোনএরকম চাপ ছিল না। এটা একান্তভাবেই তাঁর সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে আরও দু থেকে তিনবছর তিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক থাকতে পারতেন”।
BCCI congratulates #TeamIndia captain @imVkohli for his admirable leadership qualities that took the Test team to unprecedented heights. He led India in 68 matches and has been the most successful captain with 40 wins. https://t.co/oRV3sgPQ2G
— BCCI (@BCCI) January 15, 2022
যদিও বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর তাঁর সিদ্ধান্তকে সম্মানই জানিয়েছেন বোর্ড কর্তারা। অধিনায়ক হিসাবে বিরাট কোহলির নানান কীর্তির জন্য তাঁকে শুভেচ্ছাও জানানো হয়েছে বোর্ডের তরফে। বোর্ড সচিব জয় শাহ টুইচ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলির জন্য। আর সেইসঙ্গেই বিরাট পর্বের পর নতুন জল্পনাও শুরু হয়ে গিয়েছে। বিরাট পরবর্তী কে হবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।
এখনই অবশ্য তা ঠিক হয়নি, তবে শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেই নাকি নির্বাচকরা নতুন অধিনায়ক ঘোষণা করে দেবেন।