পরের সিরিজে রাহানে ও পুজারাকে দল থেকে বাদ দেওয়ার দাবী সুনীল গাভাস্কারের
আপডেট করা - Jan 14, 2022 3:21 pm

একের পর এক খারাপ পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চূড়ান্ত ব্যর্থ অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে এই দুই ক্রিকেটারকেই প্রথম একাদশে রাখা উচিত নয় বলে মনে করছেন সুনীল গাভাস্কার। সেই জায়গায় এবার শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারিকে সুযোগ দেওয়ার দাবী করলেন তিনি। ঘরের মাঠে তরুণ ক্রিকেটারদের এখন থেকেই দেখে নেওয়ার পরামর্শও দিচ্ছেন এই প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা। চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক রাহানের খারাপ ফর্ম অব্যহত। ছয় ইনিংসে দুই ক্রিকেটারের ব্যাট থেকে মাত্র একটি অর্ধশতরান দেখা গিয়েছে। আর এই ক্রমাগত ব্যর্থতাতেই বিরক্ত প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাস্কার। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামবে ভারত। আর সেখানে এই দুই ক্রিকেটারকে প্রথম একাদশে রাখতে একেবারেই নারাজ প্রাক্তন তারকা।
পুজারা এবং রাহানেকে নিয়ে বহুদিন ধরেই বিরক্ত তিনি। এর আগেও বহুবার মুখ খুলেছেন তাদের প্রথম একাদশে রাখা নিয়ে। এবারও সেই একই কথা গাভাস্কারের মুখে। তিনি জানান, “শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি জায়গা নয় আমার মনে হচ্ছে দুটো জায়গা খালি হবে। পুজারা এবং রাহানে দুজনই প্রথমএকাদশে সুযোগ পাবেন না”।
এই দুই ক্রিকেটারের জায়গায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে কারা সুযোগ পেতে পারেন, সেটাও বাতলে দিয়েছেন সুনীল গাভাস্কার। তিনি জানিয়েছেন, “আমার মতে শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারি দুজনকেই সুযোগ দেওয়া উচিত্। এখন শুধু দেখার কোন ক্রিকেটার কার জায়গায় আসেন। তিন নম্বরে পুজারারা জায়গায় হনুমা খেলেন নাকরি পাঁচ নম্বরে রাহানের জায়গায় খেলেন শ্রেয়স আইয়ার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান রয়েছে শ্রেয়স আইয়ারের”।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু পর থেকেই ভারতীয় দলে হনুমা ও শ্রেয়সকে সুযোগ দেওয়া নিয়ে সরব হয়েছিলেন গৌতম গম্ভীর। দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির চোটের জন্য সুযোগ পেয়েছিলেন হনুমা বিহারী। সেই ম্যাচে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন তিনি। কিন্তু কেপটাউনে তৃতীয় টেস্টে জায়গা হয়নি তাঁর। রাহানে, পুজারার ওপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
কিন্তু তাদের ব্যাটে রান নেই। শুধু তাই নয় চতুর্থ দিন গুরুত্বপূর্ণ সময়ে কিগান পিটারসনের সহজ ক্যাচও ফেলেছেন চেতেশ্বর পুজারা। আর এসবের পরই তাঁকে দলের রাখার ব্যপারে অনেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন। যদিও ভারতীয় দলের তরফে কোনও বার্তা কিংবা ইঙ্গিত এখনও নেই।
দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। প্রাক্তনদের পরামর্শ মেনে সেই ম্যাচে রাহানে ও পুজারাকে বসানো হয় কিনা সেটাই এখন দেখার।