ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য ভারতের দরকার মিরাকেল
আপডেট করা - Jan 13, 2022 10:36 pm

২০১৮ সালের পর ২০২২ স্বপ্ন দেখলেও, অপেক্ষাটা হয়ত আরও বাড়ল ভারতের। কেপটাউনে ঋষভ পন্থের দুরন্ত ইনিংস এলেও, তার মান হয়ত রাখতে পারবে না ভারত। যেদিকে ম্যাচের গতি এগোচ্ছে, তৃতীয় দিনের শেষে জয়ের পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকার দিকেই। চতুর্থ দিন বোলাররা বিরাট কোনও চমক দেখাতে না পারলে, প্রোটিয়াদের জয়টা হয়ত এখন শুধু সময়ের অপেক্ষা। তৃতীয় দিনের শেষে ভারতের ২১১ রানের লিডের জবাবে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১০১। হাতে রয়েছে এখনও দুদিন।
কেপটাউন টেস্ট জিতলেই প্রোটিয়াদের মাটিতে ইতিহাস গড়বে ভারত। কিন্তু খারাপ ব্যাটিং প্রদর্শনের ধারাটা অব্যহত রেখে সেই লক্ষ্যে পৌঁছনোর রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেলেছে ভারত। অন্তত তৃতীয় দিনের শেষে স্কোরবোর্ড তো ভারতের বিপক্ষেই রায় দিচ্ছে। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ, উমেশ যাদবদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে শেষ করে দিয়েছিল ভারত।
হাতে ১৩ রানের লিড নিয়ে সেদিন ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় দিনই দু উইকেট খুইয়েওছিল ভারত। ক্রীজে ছিলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। কিন্তু তৃতীয় দিন নেমেই সাজঘরে ফেরেন পুজারা। এরপরই রাবাডার বলে ১ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন অজিঙ্ক রাহানেও। চার উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত।
সেখান থেকেই বিরাটের সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা শুরু ঋষভ পন্থের। সেইসঙ্গে যেন স্বস্তিও ফিরতে থাকে ভারতীয় ড্রেসিংরুমে। মধ্যাহ্নভোজ পর্যন্ত আর কোনও উইকেট খোয়ায়নি ভারত। কিন্তু এরপরই ফের ধাক্কা। ২৯ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ৭২ রানেই ভেঙে যায় তাদের পার্টনারশিপটা। সেই থেকে লড়াই শুরু একা ঋষভ পন্থের। সঙ্গে কখনও পেয়েছেন অশ্বিন তো কখনও শার্দূল, সামিদের। কিন্তু কেউই বেশীক্ষণ তাঁর সঙ্গে ক্রীজে থাকতে পারেননি। শেষপর্যন্ত রাবাডা, এনগিডিদের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যান। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। তাঁর হাত ধরেই দলের লিড টপকায় ২০০ রানের গন্ডী। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৯৮ রানে।
হাতে রান আবারও কম। এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিততে হলে দরকার বোলারদের থেকে একটা দুর্ধর্ষ পারফরম্যান্স। শুরুতেই মার্করামকে ফিরিয়ে দেন সামি। কিন্তু ভারতের লক্ষ্য এলগার কিংবা পিটারসন। আর সেই জুটিটাই দক্ষিণ আফ্রিকার রান ১০০ রানে পৌঁছে দেয়। দিনের শেষে এলগার আউট হলেও, দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১০১। ইতিহাস গড়া নাকি অপেক্ষাটা আরও কয়েকদিন বাড়ে বিরাট কোহলিদের সেটাই এখন দেখার।