শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর নিজের বক্তব্য জানালেন অর্শদীপ সিং
আপডেট করা - Dec 4, 2023 2:38 pm

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। শেষ ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তুলতে সক্ষম হয়েছিল ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল। এই ম্যাচের শেষ ওভারে বল করতে এসেছিলেন অর্শদীপ সিং। তিনি তার প্ৰথম ৩ ওভারে ৩৭ রান দিয়েছিলেন।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০ রান। সেই ওভারে অর্শদীপ সিং দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি মাত্র ৩ রান দিয়েছিলেন এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েডকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। শেষমেশ ম্যাচটি ৬ রানে জিতে নিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
শেষ ম্যাচে জয় পাওয়ার পর নিজের বক্তব্য জানান অর্শদীপ সিং। এই ম্যাচে অর্শদীপ সিং ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছিলেন। ম্যাথু ওয়েডের পাশাপাশি বেন ম্যাকডারমটকেও আউট করেছিলেন এই প্রতিভাবান পেসার।
স্পোর্টস ১৮-কে অর্শদীপ সিং বলেন, “আমি মনে করি খেলার বেশিরভাগ সময়, প্রায় প্রথম ১৯ ওভারের জন্য, আমি ভাবছিলাম যে আমি অনেক বেশি রান দিয়েছি এবং খেলার পর আমি অপরাধী হব। কিন্তু ঈশ্বর আমাকে আরেকটা সুযোগ দিয়েছিলেন এবং আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এটিকে ডিফেন্ড করেছি এবং পাশাপাশি স্টাফদেরও ধন্যবাদ যারা আমাকে বিশ্বাস করেছিল।”
তিনি আরও বলেন, “সত্যি বলতে, আমার মাথায় কিছুই ঢুকছিল না। সূর্য ( সূর্যকুমার যাদব ) ভাই আমাকে বলেছিলেন যে যা হওয়ার তা হবে। এর কৃতিত্ব আমাদের ব্যাটসম্যানদেরও যায়। তারা এখানে একটি কঠিন উইকেটে আমাদের সত্যিই ভালো স্কোর দিয়েছিল এবং আমাদের কাছে অতিরিক্ত ১৫ থেকে ২০ রান ছিল।”
“আমি প্ৰথম বল থেকেই হিট করার মানসিকতা নিয়ে ক্রিজে এসেছিলাম” – শ্রেয়স আইয়ার
শ্রেয়স আইয়ার এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচের ব্যাপারে কথা বলেছেন। শেষ টি-২০ ম্যাচটিতে তিনি ৫টি চার এবং ২টি ছয় সহ ৩৭ বলে ৫৩ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন।
শ্রেয়স আইয়ার বলেন, “আমি প্ৰথম বল থেকেই হিট করার মানসিকতা নিয়ে ক্রিজে এসেছিলাম। কিন্তু যখন দেখলাম তিনটি উইকেট পড়ে গেছে, তখন আমি মনে মনে হিসাব করছিলাম যে এই উইকেটে সেরা টোটাল কি হবে। এরপর, আমার সাথে আরও কয়েকজন ব্যাটার স্কোরবোর্ডে অবদান রেখেছিলেন। এটি ব্যাটিং করার ক্ষেত্রে সহজ উইকেট ছিল না, কিন্তু যদি আপনার মনে একটি স্কোর থাকে, আপনি সেই অনুযায়ী খেলার চেষ্টা করেন এবং আজকে আমরা একটি দল হিসেবে যেভাবে খেলেছি তা হল এটির সঠিক উদাহরণ।”