রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স দেখার পর উচ্ছ্বসিত আশিস নেহেরা
আপডেট করা - Nov 24, 2023 2:40 pm

আইপিএলের মঞ্চের পর দেশের জার্সি, রিঙ্কু সিং নিজের পারফরম্যান্স বজায় রেখেই এগিয়ে চলেছেন। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানেও নিখুঁতভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছেন এই তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর এই পারফরম্যান্স যে কলকাতা নাইট রাইডার্সকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই রিঙ্কু সিং কে নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার আসিস নেহেরা। নাইট রাইডার্স যদি তাঁকে ছেড়ে দেয়, তবে আইপিএলের মঞ্চে রিঙ্কুর দল পেতে অসুবিধা হবে না বলেই মনে করছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের ১১১ রানের পার্টনারশিপ ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রস্তুত করে দিয়েছিল। কিন্তুু এই দুই তারকা ক্রিকেটার সাজঘরে ফিরে যাওয়ার পর খানিকটা হলেও চিন্তা বেড়েছিল ভারতীয় শিবিরে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন রিঙ্কু সিং। সেই জায়গা থেকেই নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর এমন পারফরম্যান্সকেই কুর্ণিশ জানাচ্ছেন সকলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২২ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু সিং
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে আপ্লুত রিঙ্কু সিংও। ২২ রান করলেও, শেষবলে তাঁর ওভার বাউন্ডারি হাঁকানোর প্রশংসায় সকলে। এবারের আইপিএলেও বারবার রিঙ্কু সিংকে এমন পারফরম্যান্স করতে দেখা গিয়ছে। ভারতের হয়েও সেই পারফরম্যান্স দেখার পর আশিস নেহেরা তাঁকে নিয়ে আপ্লুত। এই মুহূর্তে আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যে রিঙ্কু সিংকে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহেরার কথা থেকে।
তিনি জানিয়েছেন, “এখন আর রিঙ্কু সিংয়ের কোনওরকম স্কাউটের প্রয়োজন নেই। যেখানে তাঁর থাকার কথা ছিল, সেখানেই এসে পৌঁছেছেন এই তরুণ ক্রিকেটার। যখন এই পরিধির মধ্যে কেউ এসে পৌঁছন, সেই সময় বাইরে থেকে সকলের নজরই থাকে তাঁর দিকে। স্কাউটের এখানে কোনও কথাই নেই। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছাড়বে না। আমি সত্যিই চাই তারা তোমায় ধরে রাখুক। যদি একান্তই তারা রিঙ্কুকে রিটেন না করে তবে বাকি ৯ দল তাঁকে কখনোই ছেড়ে দেবে না”।
এই বছরের শেষেই রয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে যদি কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ছেড়ে দেয়, তবে বাকি ৯টি ফ্র্যাঞ্চাইজি যে তাঁকে নেওয়ার লড়াইয়ে নেমে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। যদিও নাইট শিবির থেকে তঁকে ছেড়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।