কেপটাউনে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে, জানালেন গাভাস্কার

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

বড়সড় কোনও অঘটন না ঘটলে কেপটাউনে বিরাট কোহলি ভারতীয় দলে ফিরছেনই। কিন্তু সেই জায়গায় তাহলে বসবেন কে। প্রশ্নটা জোহানেসবার্গ থেকেই উঠে গিয়েছিল। তারই উত্তরটা বাতলে দিলেন প্রাক্তন কিংবদন্তী তারকা সুনীল গাভাস্কার। জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও, বিরাট দলে ফিরলে হনুমা বিহারিকেই বসতে হবে। একইসঙ্গে বোলিংয়ে সিরাজের পরিবর্তে উমেশ কিংবা ইশান্তের মধ্যে কোনও একজনকে খেলানো যেতে পারে বলেই মনে করছেন গাভাস্কার।

জোহানেসবার্গে টেস্ট শুরুর ঠিক কিছুক্ষণ আগে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি। পিঠের চোট লাগার জন্য শেষ মুহূর্তে তাঁকে ছাড়াই প্রথম একাদশ গড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আর সেই জায়গাতেই দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার সুযোগ পেয়েছিলেন হনুমা বিহারি। প্রথম ইনিংসে সেভাবে খেলতে না পারলেও, দ্বিতীয় ইনিংস কঠিন সময়ে ৪০ রানের নক খেলেছিলেন তিনি।

হনুমার সেই পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন গৌতম গম্ভীর সহ আরও অন্যান্য প্রাক্তন তারকারা। কিন্তু কেপটাউন টেস্টে প্রথম একাদশে তাঁর জায়গা হবে না বলেই মনে করছেন সুনীল গাভাস্কার। কারণটাও তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। গাভাস্কার বলেন, ‘প্রথম টেস্টের সঙ্গে এই দলের খুব একটা পরিবর্তন হবে না। শুধুমাত্র বিরাট কোহলি ফিরলে, দল থেকে বাদ পড়বেন হনুমা বিহারি। এছাড়া মহম্মদ সিরাজ যদি না খেলেন, সেই জায়গায় ইশান্ত কিংবা উমেশের মধ্যে যেকোনও একজনকে খেলাতে পারে ভারতীয় দল। এর বাইরে এই দলে আর কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই’।

অনেকেই আশঙ্কা করছিলেন এই টেস্টে অজিঙ্ক রাহানে থাকবেন কিনা। সেই ব্যপারে অবশ্য তাঁর পাশেই দাঁড়িয়েছেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘গত ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। দল  রাহানে এবং পুজারার ওপর ভরসা রাখছে। এই টেস্টেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা ক্ষীণ’।

সুনীন গাভাস্কার বলার আগেই অবশ্য হনুমা বিহারিকে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। দ্বিতীয় টেস্টের পরই জানিয়েছিলেন হনুমা ও শ্রেয়স আইয়ারকে প্রথম একাদশে নিয়মিত সদস্য হতে গেলে এখনও বেশকিছুদিন অপেক্ষা করতে হবে। এরপরই গাভাস্কারের এই  বক্তব্য। সব মিলিয়ে শেষ টেস্টে হনুমা বিহারি কে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

close whatsapp