ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৪৫, ভারত বনাম নেদারল্যান্ডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

India and Netherlands
India and Netherlands. (Photo Source: Twitter)

১২ই নভেম্বর, রবিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪৫ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হবে।

আসন্ন ম্যাচটি হল রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচ। নেদারল্যান্ডসের জন্যও এটি হল শেষ ম্যাচ কারণ তারা ইতিমধ্যেই সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে। ভারত চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবকটি ম্যাচেই জয় পেয়েছে। সেমিফাইনালে খেলতে নামার আগে এই ম্যাচটিও জিততে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারত তাদের আগের ম্যাচটিতে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করেছিল। এই ম্যাচটিতে ভারত প্রথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে মাত্র ২৭.১ ওভারে ১০ উইকেটে মাত্র ৮৩ রান করতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। আসন্ন ম্যাচটিতেও ভারত জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে এখনও টিকে রয়েছে নেদারল্যান্ডস। তাই ভারতের বিরুদ্ধে এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত ২টি ম্যাচ জিতেছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে। তাদের নেট রান রেট হল -১.৬৩৫। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৬০ রানে হেরেছিল। ইংল্যান্ড প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। ভারতের বিরুদ্ধে তারা অবশ্যই কামব্যাক করতে চাইবে।

পিচ কন্ডিশন

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। বোলাররা এই পিচ থেকে তেমন সাহায্য পাবেন না। তাই তাদের পক্ষে রান আটকানো কঠিন হতে পারে। আসন্ন ম্যাচটিতে যে দল টসে জিতবে সেই দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।

সম্ভাব্য একাদশ

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

নেদারল্যান্ডস

ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ফান বিক, রোওলফ ফান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।

ভারত বনাম নেদারল্যান্ডস: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ২ | ভারত – ২ | নেদারল্যান্ডস – ০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – ভারত বনাম নেদারল্যান্ডস

সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট

close whatsapp