বোলারদের কথা ভেবে নতুন নিয়ম ‘হিটিং দ্য স্টাম্পসের’ প্রস্তাব সচিন তেন্ডুলকরের
আপডেট করা - Jan 7, 2022 5:57 pm

উইকেটে বল লাগলো, কিন্তু বেল পড়ল না, আপিল করেও লাভ নেই ক্রিকেটের নিয়মে তা নট আউটই। এমন ঘটনা ক্রিকেট বিশ্বে নতুন নয়। নানান সিরিজেই বহুবার এমন দেখা গিয়েছে যে উইকেটে লেগে বল চলে গেলেও, বেল পড়েনি। আর তাতেই ব্যাটসম্যান নট আউট। এবার সেই ঘটনাই অ্যাশেজেও। বেন স্টোকসের সঙ্গে একদমই তেমন ঘটনা হয়েছে। যথারীতি উইকেটে বল লাগা সত্ত্বেও তিনি নট আউট। আর এই নিয়মই এবার বদলের দাবী জানালেন সচিন তেন্ডুলকর। নতুন নিয়ম আনা উচিত্ বলেই মনে করছেন তিনিও।
অ্যাশেজের তৃতীয় দিন ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ঘটে এই ঘটনা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানের পাহাড়। আর তা টপকাতে গিয়েই ধসে পড়ে ব্রিটিশদের অলস্টার ব্যাটিং লাইনআপ। এদিন বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ব্যাটিংয়ের সৌজন্যেই লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। যদিও অজিদের রানের রাহাড় তাদের পক্ষে পার করা সম্ভব নয়। আর বেন স্টোকসের ব্যাটিংয়ের সময়ই ঘটে সেই ঘটনা।
তিনি তখন ক্রিজে ১৬ রানে দাঁড়িয়ে। আর অস্ট্রেলিয়ার হয়ে বল করছেন গ্রীন। সিডনির পিচে তখন ঝড়ছে তাঁর আগুনে পেস। এমন সময়ই একটি বল মিস করেন বেন স্টোকস। কিন্তু আওয়াজ পাওয়া যায় একটা। স্বভাবতই সকলে ভাবেন ক্যাচ। আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দেন। এই সময়ই তৃতীয় আম্পায়ারের সাহায্য চান বেন স্টোকস। আর সেই রিপ্লেতেই ধরা পড়ে আসল ঘটনা।
দেখা যায় বল ব্যাটে নয়, উইকেটে লেগে উইকেট কিপারের হাতে গিয়েছে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় এটাই উইকেটে ধাক্কা মারলেও, বেল পড়েনি। আর তাতেই বেঁচে যান বেন স্টোকস। মাঠেই শুরু হয়ে যায় হাসি ঠাট্টাও। কিন্তু অজি বোলারের মুখে কিন্তু ছিল হতাশার ছাপ। সেটা হওয়াটাই তো স্বাভাবিক। অত জোরে বল উইকেটেও লাগল, কিন্তু বেল মাটিতে পড়ল না।
এরপরই টুইটারে এই ঘটনার ছবি দিয়ে নিয়ম বদলের প্রস্তাব এনেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এমন ঘটনায় বোলাররা হতাশা ছাড়া কিছুই পান না। তাই হিটিং দ্য উইকেট নতুন নিয়ম নিয়ে আসা উচিত বলে মনে করেন সচিন। সেই মতোই টুইটও করেছেন মাস্টার ব্লাস্টার।
তিনি টুইটে লিখেছেন, ‘বল উইকেটে লাগার পর যদি বেল না পডে সেই ক্ষেত্রে হিটিং দ্য স্টাম্প নিয়ম নিয়ে আসা উচিত। বোলারদের কথা ভেবে এটুকু হতেই পারে’। আর সেই টুইট করেই সেখানে শেন ওয়ার্নকে ট্যাগ করতে ভোলেননি সচিন। এই মুহূর্তে ওয়ার্ন অ্যাশেজের কমেন্ট্রির দায়িত্বে রয়েছেন। আর সেজন্যই তাঁকে ট্যাগ করেছেন।
উত্তরও কিছুক্ষণের মধ্যেই এসে গিয়েছে শেন ওয়ার্নের পক্ষ থেকে। সচিনের আনা প্রস্তাব বিশ্ব ক্রিকেট কমিটির কাছে পেশ করবেন শেন ওয়ার্ন। সিদ্ধান্ত কী হয় সেটাও অবশ্যই সচিনকে জানাবেন তিনি। অ্যাশেজের মাঝে এই ঘটনা বেশ চমকপ্রদ।যা নিয়ে কথাবার্তা কিছুতেই থামছে না।