ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সই ভাবাচ্ছে রাহুল দ্রাবিড়কে
আপডেট করা - Jan 7, 2022 11:32 am

জোহানেসবার্গে ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে খুশি নন রাহুল দ্রাবিড়। দক্ষ ব্যাটিং ও বড় কোনওরকম পার্টনারশিপের অভাবেই ভুগতে হচ্ছে ভারতীয় দলকে। সেদিকেই আরপও নজর দিতে হবে বলে মনে করছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ভুল শুধরে কেপটাউনে নামাই এখন তাঁর লক্ষ্য। সেইসঙ্গে এখন থেকেই ভারতীয় ব্যাটারদের দিকে আরও বিশেষ নজর দ্রাবিড়ের।
জোহানেসবার্গে ভারত কখনও প্রোটিয়াদের বিরুদ্ধে হারেনি। এই পরিসংখ্যানটাই ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে আত্মবিশ্বাস যোগাচ্ছিল। কিন্তু ডিন এলগারের দুরন্ত পারফরম্যান্সটাই সব বদলে দিয়েছে চতুর্থ দিন। ওয়ান্ডারার্সে ইতিহাস গড়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে প্রোটিয়াস অধিনায়কের দুর্ধর্ষ ইনিংসে। ম্যাচের শেষে রাহুল দ্রাবিড়ের মুখেও সেই কথাই। ম্যাচ জিততে হলে তেমনই একটা বড় ইনিংস নাকি দরকার থাকে সবসময়। যেটা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক পারলেও, ভারতের তরফে কেউ করতে পারেননি।
প্রথম ইনিংসে লোকেশ রাহুলের অর্ধশতরান ছাড়া ভারতীয় দলের স্কোরবোর্ডে বলার মতো কোনও রান নেই। মাত্র ২০২ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। শার্দূল ঠাকুরের দুরন্ত বোলিং পারফরম্যান্স না থাকলে, প্রথম ইনিংসেই ভারতের বিরুদ্ধে বড় রানের লিড দিয়ে দিত তারা। ম্যাচ লোকেশ রাহুল যেমন স্বীকারই করে নিয়েছেন। তাদের প্রথম ইনিংসে আরও ৬০ থেকে ৭- রান বেশী করা উচিত ছিল। কিন্তু তারা সেটা করতে পারেনি।
ম্যাচ শেষে একই কথা এবার রাহুল দ্রাবিড়ের গলাতেও। ব্যাটারদের আরও সচেতন হওয়ার কথাই শোনা গেল তাঁর মুখে। অর্থাত্ রাহুল দ্রাবিড় যে ব্যাটারদের পারফরম্যান্সে এখনও পর্যন্ত খুশি নন, তা বেশ স্পষ্ট। দ্রাবিড় জানান, ‘আমাদের ম্যাচের বেশ কিছু মুহূর্তকে কাজে লাগাতে হবে। একইসঙ্গে যখন কোনও পার্টনারশিপ তৈরি হবে তা কীভাবে বড় পার্টনারশিপে পরিণত করতে হবে, সেদিকেও নজর দিতে হবে’।
এছাড়াও রাহুল দ্রাবিড় আরও বলেন, ‘প্রথম ইনিংসে আরও ৬০ থেকে ৭০ রান বেশী করতে পারতাম আমরা। তাহলেই ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে আমাদের’। আর্থাত্ ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স যে দ্রাবিড় কে এখনও পর্যন্ত খুশি করতে পারেনি, তা প্রথম হারের পরই দ্রাবিড়ের কথা থেকে স্পষ্ট।
যদিও দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় দলের ব্যাটিং বিভাগের পারফরম্যান্স নিয়ে দ্রাবিড়ের মুখে কথা শোনা গিয়েছিল। জোহানেসবার্গ টেস্টে নামার আগেও একইরকম কথা বলেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। তিনি জানিয়েই দিয়েছিলেন যে জোবালেসবার্গেও তাঁর দলের প্রধান শক্তি বোলাররা। কিন্তু ব্যাটিংয়ে যে আরও অনেক উন্নতি তাদের করতে হবে সেটাও জানাতে ভোলেননি তিনি।
এবার সামনে কেপটাউন ম্যাচ। হাতে অবশ্য চারদিন সময় পেয়েছে টিম ইন্ডিয়া। তারমধ্যে ভারতীয় দলের ব্যাটাররা কতটা ভুল শোধরাতে পারে সেটাই দেখার।