ব্রডের প্রশংসা করার সময় আবার ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে বিঁধলেন মাইকেল ভন
সিডনিতে চতুর্থ টেস্টে ব্রড ১০১ রান দিয়ে ৫ উইকেট তুলেছেন
আপডেট করা - Jan 6, 2022 2:55 pm

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন আবারও জো রুট এবং তাঁর সতীর্থদের উদ্দেশে চাঁচাছোলা মন্তব্য করেছেন। ব্রিসবেনে প্রথম অ্যাশেজ টেস্টে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়ে নেমেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে জেমস অ্যান্ডারসনও ছিলেন না। যদিও তাঁর হালকা চোট ছিল। বিশেষজ্ঞ পেসার হিসেবে ক্রিস ওকস, অলি রবিনসন ও মার্ক উডকে নামিয়েছিল ইংল্যান্ড।
প্রথম তিন টেস্টে হেরে অ্যাশেজ সিরিজে সফরকারীদের বেহাল দশা। তাদের দল নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং ভন আরও একবার তাঁর সমালোচনার নিশানা বানালেন টিম ম্যানেজমেন্টকে।
টুইটারে ব্রডের প্রশংসা করে মাইকেল ভন লিখেছেন: “@StuartBroad8-এর থেকে একটি দুর্দান্ত বোলিং স্পেল!! আবারও দেখালেন তিনি কী করতে পারেন এবং ইংল্যান্ড ব্রিসবেনে কত বড় একটা ভুল করেছিল..!!”
মাইকেল ভন টুইট করে স্টুয়ার্ট ব্রডের সুখ্যাতি করেছেন
What a spell this is from @StuartBroad8 !! Showing once again what a character he is and how England got it totally wrong in Brisbane .. !! This pitch is lively … this score already is around Par IMO .. #Ashes
— Michael Vaughan (@MichaelVaughan) January 6, 2022
ইংল্যান্ড প্রথম টেস্টে স্টুয়ার্ট ব্রডকে অগ্রাহ্য করে তাঁর চেয়ে বেশী গতিশীল মার্ক উডকে দিয়ে বাজিমাত করতে চেয়েছিল, কিন্তু সেই পদক্ষেপটি শেষ পর্যন্ত কার্যকর হয়নি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৪৭ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪২৫ রান করে ইংলিশ বোলারদের পুরোপুরি বিপর্যস্ত করে দেয়।
সফরকারী দল তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯৭ রান করতে পেরেছিল এবং অজিরা নয় উইকেটে একটি আরামদায়ক জয় তুলে নেয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের কাছে রেখে দিয়েছে তারা।
কোভিড আক্রান্ত ট্র্যাভিস হেডের জায়গায় চতুর্থ টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হওয়া উসমান খোয়াজা অসামান্য সেঞ্চুরি করে তাঁর উপর ভরসা রাখার প্রতিদান দিয়েছেন।
সিডনিতে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্টুয়ার্ট ব্রড। নতুন বল হাতে তিনি ভালো নিয়ন্ত্রণ দেখিয়েছিলেন। তাঁর হাত দিয়ে বল বেশ ভালো সুইং হচ্ছিল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রান করে ডিক্লেয়ার করে দেয়। ব্রড ২৯ ওভার বল করে পাঁচটি মেডেনসহ ৫ উইকেট নিয়েছেন ১০১ রানের বিনিময়ে।
প্রথম দিনে তিনটি শিকার ছিল তাঁর। তাঁর অন্যতম পছন্দের শিকার ডেভিড ওয়ার্নারের উইকেটের পাশাপাশি ৬৭ রানে সেট হয়ে যাওয়া স্টিভ স্মিথের উইকেট এবং নবাগত ক্যামেরন গ্রীনের উইকেটও তোলেন।
দ্বিতীয় দিনে আরও দুটি উইকেট নিজের ঝুলিতে পোরেন তিনি। যার মধ্যে একটি ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক উসমান খোয়াজার (১৩৭)। অন্য উইকেটটি অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের (২৪)।