জোহানেসবার্গে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের ভাগ্য এখন বোলারদের হাতে

South Africa vs India
South Africa vs India. (Photo by Sydney Seshibedi/Gallo Images/Getty Images)

জোহানেসবার্গে নিজেদের রেকর্ড ধরে রাখতে পারবে তো ভারত। তৃতীয় দিনের শেষে ম্যাচের স্কোরবোর্ড দেখলে কিন্তু সেই আশ্বাস পাওয়া যাচ্ছে না। বরং দিনের শেষে খানিকটা হলে ব্যাকফুটেই রয়েছে টিম ইন্ডিয়া। রাহানে-পুজারার শতরানের পার্টনারশিপ এবং হনুমা বিহারির শেষের দিকে ব্যাটিং বাদ দিলে, আবারও একটা খারাপ ব্যাটিং পারফরম্যান্স ভারতীয় ব্যাটিং লাইনআপের। প্রোটিয়াদের বিরুদ্ধে বড় লিডের লক্ষ্য নিলেও, মাত্র ২৪০ রানেরই লিড নিতে পারে ভারত। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১১৮ রান। জিততে দরকার ১২২ রান।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কখনও টেস্ট ম্যাচ হারেনি ভারত। এখনও পর্যন্ত পাঁচটির মধ্যে ২টি টেস্টে জিতেছে টিম ইন্ডিয়া। আর বাকি তিনটি ড্র। কিন্তু নতুন বছরে সেই পরিসখ্যান বজায় রাখাটাই এখন অনিশ্চয়তার মুখে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চুড়ান্ত ব্যর্থ ভারতের ব্যাটিং লাইনআপ। আবারও ভরসা সেই বোলাররাই।

প্রথম ইনিংসে মাত্র ২০২ রান করতে পেরেছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার সামনে সহজ লক্ষ্যই ছিল। কিন্তু বল হাতে সেই ইনিংসে জ্বলে উঠেছিলেন শার্দূল ঠাকুর। তাঁর জোরালো ধাক্কায় ধসে পড়েছিল প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। আর সেইসঙ্গেই ভারতের সামনে চলেছে এসেছিল বড় সুযোগ। মাত্র ২৭ রান লিড নিতে পেরেছিল প্রোটিয়ারা। ভারতীয় দলের থেকে দরকার ছিল একটা জোরালো ব্যাটিং পারফরম্যান্স।

দক্ষিণ আফ্রিকার জিততে বাকি আর ১২২ রান, হাতে রয়েছে দুদিন

কিন্তু তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। একটা দিন পুরো ব্যাটিংই করতে পারলেন না তারা। তৃতীয় দিনের শুরু থেকে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিল পুজারা-রাহানে জুটি। বহুদিন পর ফের ভারতীয় সেরা টেস্ট জুটির কাছ থেকে একশো রানের পার্টনারশিপ পাওয়া গিয়েছিল। কিন্তু এই দুই ক্রিকেটার ফিরে যেতেই সব শেষ। পুজারা ফেরেন ৫৩ রানে। অজিঙ্ক রাহানে আউট হন ৫৮ রানে।

এই সময় দরকার ছিল আরও একটা ভাল পারফরম্যান্সের। কিন্তু ঋষভ পন্থ, অশ্বিনরা সেটা করতে পারেননি। বরং একটু তাড়াহুড়ো এবং ভুল শট বেছে তাদের সাজঘরের ফেরানোর রাস্তাটা সহজ করে দেয়। যে সুযোগটা কাজে লাগাতে এটকুটু ভুল করেননি রাবাডা, জ্যানসেনরা। মাঝে শার্দুল অবশ্য একটা ঝোড়ো ইনিংস খেলেন। আর হনুমা বিহারি শেষপর্যন্ত না থাকলে, এদিন হয়ত ভারত ২০০ রানের লিডও টপকাতে পারত না।

২৬৬ রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। লিড নেয় ২৪০ রানের। আর তাতেই চিন্তা বাড়ছে সকলের। দায়িত্বটা আবারও সেই বোলারদের কাঁধেই। কিন্তু তৃতীয় দিনের শেষে সেভাবে কিছু করতে পারেননি ভারতীয় বোলাররা। মার্করামকে শার্দূল ও পিটারসনকে অশ্বিন ফেরালেও, দিনের শেষে বেশ ভাল অবস্থাতেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ৪০ রানে অপরাজিত ডিন এলগার। সঙ্গে ১১ রানে রয়েছেন ফান ডার ডাসেন।

close whatsapp