ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ভারতকে হারাবে ইংল্যান্ড, মনে করছেন জেমস অ্যান্ডারসন

James Anderson
James Anderson. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস অ্যান্ডারসন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য সেমিফাইনালিস্টদের বেছে নিয়েছেন। তিনি মনে করছেন যে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। এছাড়াও তিনি বলেছেন যে ইংল্যান্ড ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতবে।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ শুরুটা একদমই ভালোভাবে করতে পারেনি ইংল্যান্ড। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টম ল্যাথামের নেতৃত্বাধীন দলের কাছে তারা ৯ উইকেটে পরাজিত হয়েছিল। এই ম্যাচে ইংল্যান্ড খুব খারাপ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। ১০ই অক্টোবর, মঙ্গলবার, সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের মুখোমুখি হয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন দল।

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে জেমস অ্যান্ডারসন বলেন, “ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালিস্ট হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দক্ষিণ আফ্রিকা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল তা আমার বেশ ভালো লেগেছিল। তাদের ব্যাটিং শক্তিশালী এবং তাদের কাছে বোলিংয়ের চমৎকার বিকল্প রয়েছে। পাকিস্তান কাছাকাছি থাকবে, নিউজিল্যান্ডের মতো, কিন্তু দুজনেই মিস করবে। আমি দেখতে পাচ্ছি ইংল্যান্ড ভারতকে একটি রুদ্ধশ্বাস ফাইনালে হারাচ্ছে।”

বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড

এই ম্যাচটিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধেই গেছে। ডেভিড মালান এই ম্যাচে একটি দুরন্ত শতরান করেছেন। তিনি ১০৭ বলে ১৪০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৬টি চার এবং ৫টি ছয়। জো রুট এবং জনি বেয়ারস্টোও ভালো রান পেয়েছেন। রুট ৮টি চার এবং ১টি ছয় সহ ৬৮ বলে ৮২ রানের একটি দারুণ ইনিংস খেলেন। অন্যদিকে, বেয়ারস্টো ৫৯ বলে ৫২ রান করেন। তিনি এই ইনিংসে ৮টি চার মারেন। শেষমেশ ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করে ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। তারা ইতিমধ্যেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছে। তারা এখনও ১০০ রানের গন্ডি পার করতে পারেনি। তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। তানজিদ ২ বলে ১ রান করে আউট হন। শান্ত এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। সাকিব ৯ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই তিনজন ব্যাটারকেই আউট করেছেন রিস টপলি। মেহেদী হাসান মিরাজ ৭ বলে ৮ রান করে আউট হন। তার উইকেটটি নেন ক্রিস ওকস। শেষমেশ ইংল্যান্ড বাংলাদেশকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp