জসপ্রীত বুমরাকে সহ অধিনায়ক বাছার সিদ্ধান্তে হতবাক প্রাক্তন নির্বাচক
আপডেট করা - Jan 2, 2022 6:20 pm

টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারত। চোটের কারণে সদ্য অধিনায়ক হওয়া রোহিত শর্মা খেলতে পারবেন না সেখানে। সেই জায়গায় তাঁর দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। আর তাঁর সহকারীর দায়িত্ব উঠেছে জসপ্রীত বুমরার কাঁধে। আর সেটাই যেন অবার করে দিচ্ছে ভারতীয় দলের প্রাক্তন নির্বাচককে। হঠাত্ বুমরাকে কেন সহ অধিনায়ক বেছে নেওয়া হল সেটাই বুঝতে পারছেন না সাবা করিম।
নানান বিতর্ক, সমালোচনার মাঝেই ভারতীয় ক্রিকেটে বিরাট রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। একদিনের অধিায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার ওপর। এরপর কম জলঘোলা হয়নি ভারতীয় ক্রিকেটে। দোষারোপ, পাল্টা দোষারোপের বহু চিত্র দেখা গিয়েছে। এরইমাঝে আবার রোহিত শর্মার চোট। যা দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকেই দেয় তাঁকে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল বেছে নেন নির্বাচকরা।
সেখানেই রোহিতের জায়গায় এই সিরিজে অধিনায়ক হন লোকেশ রাহুল এবং সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। লোকেশ রাহুলকে নিয়ে অবশ্য কোনও সমস্যা নেই প্রাক্তন নির্বাচক সাবা করিমের। তবে জসপ্রীত বুমরার সহ অধিনায়কের সিদ্ধান্তটাই হতবাক করেছে তাঁকে। ঋষভ পন্থকে সেই দায়িত্ব দেওয়া যেত বলেও মনে করেন তিনি।
কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলনে চেতন শর্মা অবশ্য এই সিদ্ধান্তগুলোর পিছনে যথাযথ যুক্তি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন এখন থেকেই তারা ভবিষ্যতের নেতাদের তৈরি করে ফেলতে চাইছেন। কিন্তু সেই যুক্তির যথোপযুক্ত ব্যখ্যা এটা কিনা সেটাই বুঝতে পারছেন না প্রাক্তন এই ভারতীয় নির্বাচক।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-তে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন, ‘লোকেশ রাহুল কে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত। কিন্তু জসপ্রীত বুমরাকে তাঁর সহকারী করার কারণটা বুঝতে পারছি না। দলে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থরা রয়েছেন। রাহুলের মতো তাদেরও আইপিএলের মঞ্চে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে এই পদের জন্য একেবারে উপযুক্ত ছিলেন ঋষভ পন্থ’।
যদিও বোর্ডের তরফে এ নিয়ে আর কিছু জানানো হয়নি। বল হাতে ভারতীয় দলকে বহু সাফল্য এনে দিয়েছেন স্পীডস্টার জসপ্রীত বুমরা। এবার তাঁর কাঁধে সহ অধিায়কের দায়িত্ব তুলেছে বোর্ড। দায়িত্ব বেড়েছে বুমরার। সেখানেই ফুলমার্কস পেয়ে সকলকে ভুল প্রমান করতে পারেন কিনা এখন সেটাই দেখার।