অভিজ্ঞতার বিচারে প্রোটিয়াদের থেকে ভারতকেই এগিয়ে রাখছেন আমলা
আপডেট করা - Jan 1, 2022 10:09 pm

তাদের ঘরের মাঠ। পরিসংখ্যানও দক্ষিণ আফ্রিকার পক্ষে। তবুও সেঞ্চুরিয়নে ভারতকে আটকাতে পারেনি তারা। প্রোটিয়াদের দুর্ভেদ্য দূর্গে জয়ের পতাকা তুলেছেন বিরাট কোহলিরা। দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথম টেস্টে বড় জয় তুলে নিয়েছে ভারতীয় দল। আর সেটাই কেমন করে সম্ভব হয়েছে, তুলে ধরেছেন আরেক প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। হাসিম আমলার মতে ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতাই নাকি এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। শুধু তাই নয়, সিরিজেও পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে বহু ম্যাচের নায়ক হাসিম আমলা। বহুবার খাদের কিনারা থেকে প্রোটিয়াদের তুলে ধরেছেন। সেই আমলার দলই এখন ঘরের মাঠে ধরাশায়ী। আর তার কারণ হিসাবে বিরাট কোহলিদের অভিজ্ঞতাকেই মনে করছেন তিনি। শুধু তাই নয়, ঘরের মাঠে সিরিজে খানিকটা হলেও বিরাট কোহলিদেরই এগিয়ে রাখছেন তিনি।
ভারতের অভিজ্ঞতাই এগিয়ে রাখছে তাদের- হাসিম আমলা
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৩ রানে সেঞ্চুরিয়নে জিতেছে ভারত। যেখানে ঘরের মাঠে দু ইনিংসে একবারও বড় রানের মুখ দেখতে পায়নি দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে প্রোটিয়া বাহিনীর ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই সমস্ত পার্থক্যটা গড়ে দিচ্ছে বলে মনে করছেন হাসিম আমলা।
ভারতীয় শিবিরে রয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়ালদের ব্যাটসম্যানরা। এছাড়া রয়েছেন মহম্মদ সামি, জসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ বোলাররা। যেখানে প্রোটিয়া শিবিরে অভিজ্ঞ ক্রিকেটার বলতে রয়েছেন ডিকক, ডিন এলগার, এনগিডি এবং রাবাডা। এই চারজন ছাড়া কাওকেই আমলা তেমনভাবে দেখতে পাচ্ছেন না
ভারতের তারকা ও অভিজ্ঞ লাইনআপই চিন্তা বাড়াচ্ছে প্রাক্তন তারকা দক্ষিণ আফ্রিকান অধিনায়কের। সেইসঙ্গে দ্বিতীয় ম্যাচ রয়েছে এবার জোহানেসবার্গে । প্রোটিয়াদের মাটিতে ভারত সিরিজ জিততে না পারলেও। জোহানেসবার্গে ভারত কখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারেনি। সেটাও অবশ্যই চিন্তায় রাখছে আমলাকে। তাই একটু হলেও ভারতকেই দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে রাখছেন তিনি।