হার্দিক পান্ডিয়া এবং ইশান কিষানের হাত ধরে পাকিস্তানের সামনে ভালো লক্ষ্য রাখতে সক্ষম হল ভারত
আপডেট করা - Sep 2, 2023 8:04 pm

এশিয়া কাপ ২০২৩-এর মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্ধিতা সকল ক্রিকেট প্রেমীরাই পছন্দ করে। চলতি এশিয়া কাপে এটি হল ভারতের প্ৰথম ম্যাচ এবং পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো করতে পারেনি তার নেতৃত্বাধীন দল। রোহিত ২২ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এর কিছুক্ষণ পরেই বিরাট কোহলি নিজের উইকেট হারান। তিনি ৭ বলে মাত্র ৪ রান করেন। শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ারও বড় ইনিংস খেলতে পারেননি। গিল ৩২ বলে ১০ রানের একটি ধীরগতির ইনিংস খেলে আউট হন। অন্যদিকে, শ্রেয়াস আইয়ার শুরুটা ভালো করেছিলেন কিন্তু সেটিকে বড় ইনিংসে রূপান্তর করতে পারেননি। তিনি ৯ বলে ১৪ রান করেন।
এরপর ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়া মিলে পরিস্থিতি সামাল দেন। ইশান ৮১ বলে ৮২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছয়। অন্যদিকে, হার্দিক ৯০ বলে ৮৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৭টি চার এবং ১টি ছয় মারেন। ইশান এবং হার্দিকের মধ্যে ১৩৮ রানের একটি অনবদ্য পার্টনারশিপ গড়ে উঠেছিল। ভারত মাত্র ৬৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর তারা দুজন মিলেই ভারতীয় দলকে বিপদ থেকে উদ্ধার করেন। তবে সব মিলিয়ে ভারতের ব্যাটিং পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। কারণ ইশান এবং হার্দিক বাদে ভারতের আর কোনও ব্যাটার ২০ রানের গন্ডি পার করতে পারেননি। শেষে বুমরাহ ৩টি চার সহ ১৪ বলে ১৬ রান করেন। শেষমেশ ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়ে যায় ভারত।
পাকিস্তানের পেসাররা দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছেন
এই ম্যাচে পাকিস্তানের সবথেকে সফল বোলার ছিলেন শাহীন আফ্রিদি। তিনি ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। তিনি রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এই ম্যাচে পাকিস্তানের স্পিনাররা কোনও উইকেট পাননি।
নাসিম শাহ এবং হারিস রউফ যথাক্রমে ৮.৫ ওভারে ৩৬ রান এবং ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। শেষমেশ এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।