সময় নষ্ট নয়, জোহানেসবার্গ টেস্টের প্রস্তুতিতে টিম ইন্ডিয়া
আপডেট করা - Jan 1, 2022 2:50 pm

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে প্রথম টেস্ট জয়। যে সেঞ্চুরিয়নে এশিয়ার কোনও দল প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি। বছরের শেষে সেখানেই ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেঞ্চুরিয়নের মাটিতে প্রথম টেস্ট জিতেছে তারা। তবে আসল লক্ষ্যটা এখনও তাদের পূরণ হয়নি। প্রথম টেস্ট জিতে সেই পথে ভারতীয় দল একধাপ এগিয়েছে শুধু। লক্ষ্য একটাই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়।
দীর্ঘ ২৯ বছরের প্রতিদ্বন্দ্বীতায় এখনও পর্যন্ত প্রোটিয়াদের ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। টেস্ট ম্যাচ তারা জিতলেও, সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে ভারতীয় দলের। নতুন কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে সেই খরাই এবার কাটাতে মরিয়া বিরাট কোহলিরা। তাই তো প্রথম ম্যাচ জয়ের পরও সময় নষ্ট করতে চাননা রাহুল দ্রাবিড়। ৩০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ১-০-এ এগিয়ে রয়েছে ভারত। ২৪ ঘন্টাও কাটতে পারেনি, ভারতীয় দলকে নিয়ে প্রস্তুতিতে নেমে পড়েছেন রাহুল দ্রাবিড়।
দ্বিতীয় টেস্টে ডিন এলগারদের বিরুদ্ধে জোহানেসবার্গে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই প্রোটিয়াদের মাটিতে ইতিহাস তৈরি করবে ভারত। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। আর সেই লক্ষ্য পূরণ করতে এক মুহূর্তও যেন সময় নষ্ট করতে চাইছেন না দ্রাবিড় ও বিরাট কোহলিরা। প্রথম টেস্ট জয়ের পরের দিন থেকেই জোহানেসবার্গে নামার প্রস্তুতিতে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। জোরকদমে চলছে সামি, নভদীপ সাইনিদের প্রস্তুতি।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশে টেস্ট সিরিজ জিতেছে ভারত। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত। তখন ভারতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। এখন সেই জায়গাতেই বিরাট কোহলিদের হেডস্যার রাহুল দ্রাবিড়। দায়িত্ব নেওয়ার পরই বিদেশের মাটিতে এটাই তার প্রথম চ্যালেঞ্জ। আর তাতেই ফুলমার্কস পেয়ে পাশ করতে মরিয়া তিনি।
৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। প্রথম ম্যাচ জয়ের আনন্দে এখনই গা ভাসিয়ে দিতে নারাজ তিনি। একইসঙ্গে ক্রিকেটারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে, সেদিকেও রয়েছে কড় নজর। প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। জোহানেসবার্গে যে দলে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, তা বেশ স্পষ্ট। তবে রাহুল দ্রাবিড়ে শেষপর্যন্ত কী করবেন, তা আগে থেকে বলা একেবারেই সম্ভব নয়।
জোহানেসবার্গের পিচ ভাল করে দেখেই, প্রথম একাদশ গড়বেন তিনি। নতুন বছরেই ভারতের আশা পূরণ হয় কিনা সেটাই এখন দেখার।