“আমি মনে করি না রোহিত শর্মার নিচে ব্যাট করার দিকে তাকানো উচিত, বিরাট কোহলিকে ৪ নম্বরে রাখা যেতে পারে” – সুনীল গাভাস্কার
আপডেট করা - Aug 24, 2023 6:07 pm

ওডিআই ক্রিকেটে ইশান কিষানের রেকর্ড খুব ভালো। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে টানা ৩টি ম্যাচে অর্ধশতরান করেছিলেন। এছাড়াও ২০২২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। তার এই দুর্ধর্ষ ফর্মের কথা মাথায় রেখে তাকে আসন্ন এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপে প্ৰথম একাদশে জায়গা দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন যে ভারত আসন্ন এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপে ইশান এবং রোহিত শর্মাকে ওপেন করাতে পারে এবং শুভমন গিল এবং বিরাট কোহলি তাদের পরে ব্যাট করতে আসতে পারেন। সুনীল গাভাস্কার অবশ্য এই মতামতের সাথে একমত ছিলেন না কারণ কিংবদন্তি ব্যাটার মনে করেছিলেন যে রোহিত এবং শুভমনের ওপেনিং জুটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। তিনি পরামর্শ দিয়েছেন যে বিরাটকে ৪ নম্বরে নামিয়ে দেওয়া যেতে পারে।
ইন্ডিয়া টুডেতে সুনীল গাভাস্কার বলেন, “যেকোনো দলকেই নমনীয় হতে হবে, কিন্তু আমি টপ অর্ডারে ব্যাঘাত ঘটাতে চাই না। আমি মনে করি না রোহিত শর্মার নিচে ব্যাট করার দিকে তাকানো উচিত। হ্যাঁ, আপনি কোহলিকে ৪ নম্বরে রাখতে পারেন, বিশেষ করে যদি একটি উইকেট তাড়াতাড়ি পড়ে যায়, কারণ নতুন বল শুরুতে কিছু ক্ষতি করতে পারে।”
ওডিআই ক্রিকেটে অসাধারণ ফর্মের প্রদর্শন করেছেন ইশান কিষান
ওডিআই ক্রিকেটে ইশান কিষান এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন এবং ৬৯৪ রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ২১০। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪৬.২৭ এবং ১০৭.৪৩। তার নামে একটি দ্বিশতরান, একটি শতরান এবং ছয়টি অর্ধশতরান রয়েছে।
সম্প্রতি, শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১৮৪ রান করেছিলেন ইশান কিষান। এই উইকেটরক্ষক-ব্যাটার প্ৰথম, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে যথাক্রমে ৪৬ বলে ৫২ রান, ৫৫ বলে ৫৫ রান এবং ৬৪ বলে ৭৭ রান করেছিলেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত। ইশান কিষান আসন্ন ম্যাচগুলিতে খেলার সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্ৰথম ম্যাচ খেলবে ভারত। ২রা সেপ্টেম্বর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।