ওয়ানডেতেও কি রোহিত অনুপস্থিত? এখনও ধোঁয়াশা কাটেনি

১৯শে জানুয়ারি থেকে পার্লের বোল্যান্ড পার্কে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

চলতি টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও রোহিত অনুপস্থিত থাকবেন, নাকি চোট সারিয়ে খেলতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। প্রথম ওডিআই ১৯শে জানুয়ারি খেলা হবে কিন্তু বিসিসিআই এখনও স্কোয়াড ঘোষণা করেনি। সাদা বলের নতুন অধিনায়ক রোহিত শর্মা সম্পূর্ণ ফিটনেস ফিরে পাননি। ৫০ ওভারের সিরিজের জন্য এতো দিনে দল ঘোষিত হয়ে যাওয়ার কথা তবে নির্বাচকরা রোহিতের সম্পূর্ণ ফিট হওয়ার অপেক্ষায় আছেন। 

ভারতের সাদা বলের অধিনায়ক টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ঠিক আগে হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছিলেন। তিনি টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছিলেন কিন্তু ওয়ানডেতে সময়মতো ফিট হয়ে যাবেন বলে আশা করা হয়েছিল। এটি আগেই জানানো হয়েছিল যে রোহিত এখনই ফিটনেস না পেলেও যদি দেখা যায় তিনি ১৯শে জানুয়ারির আগে ফিট হয়ে উঠতে পারবেন তাহলে তাঁকে দলে রেখেই স্কোয়াড নির্বাচিত হবে।  

রোহিত অনুপস্থিত থাকলে নেতৃত্বে রাহুল

এদিকে, সিনিয়র সাংবাদিক বোরিয়া মজুমদার, রেভস্পোর্টজ ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বলেছেন যে বিসিসিআই ফিজিও এখনও রোহিত শর্মার ফিটনেস রিপোর্ট পাননি। সেই কারণে, নির্বাচকরাও স্কোয়াড নির্বাচনী সভা ১লা জানুয়ারিতে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজের জন্য দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকায় নির্বাচকরা মনে করেন নির্বাচন বিলম্বিত করলেও হাতে যথেষ্ট সময় রয়েছে।

এদিকে, রোহিত শর্মা সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে ব্যর্থ হলে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা কেএল রাহুলের। কয়েকদিন আগে জানানো হয়েছিল যে নিয়মিত অধিনায়ক না পাওয়া গেলে তিনি দক্ষিণ আফ্রিকা ওডিআইতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে পারেন। তিনি বর্তমানে টেস্ট দলের সহ-অধিনায়ক। এই দায়িত্বটিও তিনি পেয়েছিলেন রোহিতের অনুপস্থিতির কারণেই।

দায়িত্ব পেয়েই রাহুল সেঞ্চুরিয়ন টেস্টে একটি অবিস্মরণীয় সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে তাঁর ১২৩ রানের ইনিংসের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে বিবেচিত হয়েছেন প্রথম ম্যাচে। দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেন তিনি। এখন দেখার রোহিত যদি ওয়ানডে সিরিজে অনুপস্থিত থাকেন তা হলে রাহুল কেমন পারফর্ম করেন। 

close whatsapp