ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে শার্দুল ঠাকুরের সুযোগ পাওয়ার ব্যাপারে নিজের বক্তব্য জানালেন আকাশ চোপড়া
আপডেট করা - Aug 11, 2023 6:58 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন যে ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। এই বিশ্বকাপের আয়োজক দেশ হল ভারত।
প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া আসন্ন বিশ্বকাপের জন্য চারজন পেসারকে বেছে নিয়েছেন। তারা হলেন জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর। ভারতের হয়ে শার্দুল ঠাকুর এখনও পর্যন্ত ৩৮টি একদিনের ম্যাচ খেলেছেন এবং ৫৮টি উইকেট নিয়েছেন।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “এই মুহূর্তে তাই মনে হচ্ছে। অনেক উইকেট তুলে নিয়েছেন তিনি (শার্দুল ঠাকুর)। বুমরাহ, সিরাজ, শামি এবং শার্দুল ঠাকুর – আমি মনে করি এই চারজন ফাস্ট বোলার বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলের অংশ হবে।”
ওডিআই বিশ্বকাপে নিজেদের প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষমেশ ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে শার্দুল ঠাকুর সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
“শার্দুল ব্যাটিংও করতে পারেন এবং তিনি একজন ভালো উইকেট শিকারীও” – আকাশ চোপড়া
আকাশ চোপড়া বলেছেন যে শার্দুল ঠাকুর ভারতকে ব্যাট হাতেও সাহায্য করতে পারবেন। শার্দুলের উইকেট নেওয়ার দক্ষতার কথাও উল্লেখ করেছেন তিনি। এছাড়াও চোপড়া বলেছেন যে তার বিশ্বকাপ দলে শার্দুলের জায়গা করে নেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। শার্দুল ভারতের হয়ে ওডিআইতে ১৮.৫২ গড়ে ৩১৫ রান করেছেন।
আকাশ চোপড়া বলেন, “শার্দুল ব্যাটিংও করতে পারেন এবং তিনি একজন ভালো উইকেট শিকারীও। তিনি ফুল, শর্ট এবং ওয়াইড লেন্থে বোলিং করেন, কিন্তু তিনি যাই বল করুন না কেন, তিনি উইকেট তুলে নেন। আমরা সবাই লর্ড ঠাকুরের সামনে নত হই। আমার দলে লর্ডের থাকার অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
আকাশ চোপড়া বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ৮ নম্বর স্থানের জন্য ভারত কোনও অলরাউন্ডারকে বেছে নেয়নি। পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত।
প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “আমার মনে হয় এটা উদ্দেশ্যমূলক ছিল। উদ্দেশ্য ছাড়া কিছুই হয় না। আমি মনে করি এক্ষেত্রে একটি নজরদারির ব্যাপার রয়েছে, আপনি রবীন্দ্র জাদেজা বা শার্দুল ঠাকুরকে রাখেননি, দীপক চাহার সম্ভবত অনুপলব্ধ ছিলেন এবং আপনি ওয়াশিংটন সুন্দরের কথাও ভাবেননি।”