৬৮ রানে অল আউট ইংল্যান্ড, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া

অভিষেক ম্যাচেই স্কট বোল্যান্ড নিজের জাত চেনালেন

Australia team
Australia team. (Photo source: Robert Cianflone/Getty Images)

মঙ্গলবার সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) একটি সেশনও টিকতে পারল ইংল্যান্ডের ব্যাটিং। ক্রিকেটপ্রেমীরা আশ্চর্য হয়ে দেখল অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ। তৃতীয় দিনের শুরুতে কোন কট্টর অস্ট্রেলিয়া সমর্থকও বোধহয় অজিদের এতো দ্রুত জয়ের প্রত্যাশা করেননি। মাত্র ৬৮ রানে অল আউট ইংল্যান্ড। রুট ও তাঁর সতীর্থরা ম্যাচ হারল ইনিংস ও ১৪ রানে। 

ইংল্যান্ডকে ৬৮ রানে অল আউট করার প্রধান কারিগর নবাগত স্কট বোল্যান্ড

৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে একবারও দেখে মনে হল না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে কোন দল এসেছে বলে। আবারও অ্যাশেজ নিজেদের দেশে রেখে দিতে সক্ষম অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন বললেও কম বলা হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ব্যাটিং। অভিষেক হওয়া পেসার স্কট বোল্যান্ড তাঁর টেস্ট কেরিয়ার শুরু করলেন এক অবিস্মরণীয় ভঙ্গিতে। নিজের ঘরের মাঠে বোল্যান্ড মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নিলেন।

বোল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম পাঁচ উইকেট শিকারী হওয়ার রেকর্ডটি গড়েন। মাত্র ১৯ বলে নিজের পঞ্চম উইকেটটি পান। ম্যাচ শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-১-৭-৬। টেস্ট অভিষেকে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও করলেন স্কট বোল্যান্ড। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার চার্লস টার্নার টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন ১৫ রানে।

ত্রাস হয়ে ওঠা বোল্যান্ডের নামে একাধিক রেকর্ড

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র ৩য় আদিবাসী পুরুষ টেস্ট ক্রিকেটার বোল্যান্ডের অভিষেকের সমাপ্তি হল ম্যাচ সেরার পুরস্কার নিয়ে। তাঁর ৭/৫৫ ম্যাচের পরিসংখ্যানের জন্য মেলবোর্নে তিনি দ্য মুলাঘ পদক জিতলেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অধিনায়ক জো রুট এবং বেন স্টোকস তৃতীয় দিন শুরু করার সময় মনে হয়েছিল তাঁরা লড়াই করে ইংল্যান্ডকে ম্যাচে রাখবে। তবে বেশীক্ষণ এই জুটি টিকে থাকেনি। বোল্যান্ড তাঁর ত্রাস সৃষ্টি করার আগে প্রথম ধাক্কাটি দিয়েছিলেন মিচেল স্টার্ক। বেন স্টোকসকে ১১ রানে বোল্ড করেন তিনি। 

তারপর শুরু হয় বোল্যান্ডের তাণ্ডব। পাঁচ রানে জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউ করেন। তারপর রুটের বড় উইকেট তোলেন। রুট আউট হন ২৮ রানে। চতুর্থ ওভারে মার্ক উড ও অলি রবিনসন দুজনকেই ডাকে আউট করেন। আগের দিন এক ওভার বোলিং করে হাসিব হামিদ ও জ্যাক লিচের উইকেট পেয়েছিলেন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন জেমস অ্যান্ডারসনকে দুই রানে বোল্ড করে বিপর্যস্ত ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পোঁতেন।

 ইংল্যান্ডের জন্য একমাত্র ভালো খবর, তাঁদের অধিনায়ক জো রুট ২০২১ শেষ করেছেন ১৭০৮ রানে, যা এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান। 

close whatsapp