ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাস্কার

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্ৰথম টেস্ট ম্যাচটিতে ভারত এক ইনিংস এবং ১৪১ রানে জয় পেয়েছিল। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের কাছে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি জেতারও সুযোগ ছিল, কিন্তু শেষ দিন বৃষ্টির কারণে খেলা ভেস্তে যাওয়ার কারণে তাদের ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এই টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার মতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলানো উচিত হয়নি। তাদের জায়গায় তরুণ খেলোয়াড়দের এই দলে সুযোগ দিলে বেশি ভালো হত বলে মনে করছেন তিনি।

বিসিসিআইয়ের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হয়েছেন অজিত আগরকর। তার তত্ত্বাবধানে ভারতীয় দলের নির্বাচনের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত নন সুনীল গাভাস্কার।

সুনীল গাভাস্কার মিড-ডে-এর জন্য তার কলামে লিখেছেন, “ওয়েস্ট ইন্ডিজের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে রোহিত এবং কোহলির করা রান প্রশ্ন জাগিয়েছে যে নির্বাচকরা কি শিখেছে যা তারা আগে থেকেই জানত না। কিছু তরুণদের সুযোগ দেওয়া এবং তারা টেস্ট ক্রিকেটে কেমন পারফর্ম করছে তা দেখে নেওয়াটা কি বেশি ভালো হত না, নাকি নির্বাচকরা চাননা যে তরুণরা প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কোনও ধরণের চ্যালেঞ্জ করুক।”

তিনি যোগ করেছেন, “এখন যেহেতু অজিত আগরকার নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে বোর্ডে এসেছেন, দেখা যাক ভবিষ্যতের জন্য একটি দল গঠনের পদ্ধতিতে কোনও পরিবর্তন হতে চলেছে কিনা, নাকি এটি সেই পুরোনো গল্পই হতে চলেছে, যেখানে ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে কোনও মাপকাঠি থাকে না।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো রান পেয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট সিরিজটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রোহিত শর্মা। তিনি ৩টি ইনিংস খেলে ২৪০ রান করতে সক্ষম হয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ২টি ইনিংস খেলে ১৯৭ রান করেছিলেন।

এই সিরিজে সবথেকে বেশি রান করেছেন যশস্বী জয়সওয়াল। এই প্রতিভাবান ব্যাটার ৩টি ইনিংস খেলে ২৬৬ রান করতে সক্ষম হয়েছিলেন।

close whatsapp