অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে চোট পাওয়া নিয়ে দুঃখপ্রকাশ করলেন অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন
আপডেট করা - Jul 2, 2023 5:38 pm

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টটিতে অস্ট্রেলিয়া দলের প্ৰথম একাদশে থাকার মাধ্যমে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে টানা ১০০টি ম্যাচ খেলার রেকর্ড করেছেন অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন। দুর্ভাগ্যবশত, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় পায়ের কাফ মাসেলে চোট পান তিনি।
তৃতীয় দিন নাথান লিয়নকে ক্রাচের সাহায্য নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়া দলের তরফ থেকে জানানো হয়েছিল যে এই টেস্ট ম্যাচটি শেষ হলে তার চোটটির দিকে আরও ভালোভাবে নজর দেওয়া হবে। এছাড়াও অ্যাশেজ সিরিজের শেষ তিনটি টেস্ট ম্যাচে লিয়ন খেলতে পারবেন কিনা সেই ব্যাপারেও তারা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ স্পিনারকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে না যে তিনি পরের ম্যাচগুলিতে খেলতে পারবেন।
নাথান লিয়নের তার এই চোটের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জেতাটা তার একটা স্বপ্ন ছিল।
এসইএন ক্রিকেটকে নাথান লিয়ন বলেন, “আমি খুবই ভেঙে পড়েছি, আমার মন ভেঙে গেছে। এই মুহূর্তে কিছু না বলাটাই হয়তো ঠিক হবে। আমি এখানে অ্যাশেজ সিরিজ জেতার স্বপ্ন দেখেছিলাম, আমি এটি প্রকাশ্যে, ব্যক্তিগতভাবে এবং আরও যেভাবে বলা যায় সেভাবে বলেছিলাম।”
“প্যাট আমাকে সেখানে যেতে বারণ করেছিল” – নাথান লিয়ন
পায়ে চোট থাকা সত্ত্বেও চতুর্থ দিন ১১ নম্বরে ব্যাট করতে নেমে সবাইকে অবাক করে দিয়েছিলেন নাথান লিয়ন। এমনকি ইংল্যান্ডের ক্রিকেটারও তার এই সাহসিকতাকে সম্মান জানিয়েছিলেন। তিনি শেষ উইকেটে মিচেল স্টার্কের সাথে মিলে ১৫ রান যোগ করেছিলেন। তিনি ১৩ বলে ৪ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হয়ে গিয়েছিলেন। এই অবস্থায় ব্যাট করতে নামা নিয়ে মুখ খুলেছেন নাথান লিয়ন।
নাথান লিয়ন বলেন, “প্যাট আমাকে সেখানে যেতে বারণ করেছিল। কিন্তু আমি অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং আমাদের মেডিকেল টিমের সাথে কথা বলেছিলাম এবং একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করেছিলাম যাতে আমি মাঠে নামতে পারি।”
তিনি আরও বলেন, “আমি সেখানে গিয়েছিলাম এবং আমার ভূমিকা পালন করার চেষ্টা করেছিলাম। আমার ইনিংস নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আমি আমার সতীর্থদের সমর্থন করার জন্য সেখানে গিয়েছিলাম। আমি এটাই করি, এবং আমি আগামীকাল আবার এটিই করব। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব করতে চাই।”