সহ-অধিনায়ক হিসেবে রাহুলের নিয়োগ প্রথম একাদশে রাহানের স্থান সংশয়পূর্ণ করেছে, মত আকাশ চোপড়ার
শেষ ১৬টি টেস্টে রাহানের ব্যাটিং গড় মাত্র ২৪.৩৯
আপডেট করা - Dec 19, 2021 4:58 pm

ভারতীয় ক্রিকেটের অন্দরে এই মুহূর্তে স্থিতিশীলতা কিছুটা বিঘ্নিত। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে তাকিয়ে খেলোয়াড়রা প্রথমবারের জন্য রেনবো নেশন থেকে টেস্ট সিরিজ জিতে আসতে বদ্ধপরিকর। সম্প্রতি কেএল রাহুলকে দীর্ঘতম ফরম্যাটে বিরাট কোহলির সহকারী হিসাবে নিযুক্ত করা হয়েছে কারণ রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সিরিজে অনুপস্থিত থাকবেন। সিরিজের আগে অফ ফর্মে থাকা রাহানের স্থান সংশয়পূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সেই সিরিজের কথা বলতে গিয়ে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন যে অজিঙ্কা রাহানের এখন একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে। রাহুল সহ-অধিনায়ক হয়ে যাওয়ায় টেস্ট একাদশে রাহানের স্থানটি আরও নড়বড়ে হয়ে গেল, চোপড়া মনে করেন। রাহানে তাঁর শেষ ১৬ টেস্টে ২৪.৩৯-এর অপ্রশংসনীয় গড়ে মাত্র দুটি অর্ধশতক এবং একটি সেঞ্চুরি করেছেন।
চোপড়া আরও যোগ করেছেন যে রাহুলকে ওডিআইতেও সহকারী হিসাবে নিয়োগ করা হতে পারে কারণ ভারতীয় ক্রিকেটে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম একাদশে জায়গা করে নিতে হলে রাহানেকে বেশ বেগ হবে।
অজিঙ্কা মাত্র দুই টেস্ট আগে অধিনায়ক ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি সহ-অধিনায়কও নন: রাহানের স্থান সংশয়পূর্ণ হওয়া প্রসঙ্গে আকাশ চোপড়া
“রোহিত শর্মা আহত হওয়ায় কেএল রাহুলকে ভারতের টেস্ট সহ-অধিনায়ক (দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য) নিযুক্ত করা হয়েছে। রাহুল দ্রাবিড় কোচ, রোহিত সাদা-বল ফরম্যাটের ক্যাপ্টেন, ” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কু-তে শেয়ার করা একটি ভিডিওতে আকাশ চোপড়া বলেছেন।
“আমি মনে করি রাহুলকে ওয়ানডেতেও সহ-অধিনায়ক নিযুক্ত করা হতে পারে। একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে অজিঙ্কা রাহা্নের। তিনি মাত্র দুটি টেস্ট ম্যাচ আগেই অধিনায়ক ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি সহ-অধিনায়কও নন। ভারতীয় ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন হচ্ছে,” যোগ করেছেন চোপড়া।
বক্সিং ডে টেস্ট থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং এর পরে সমসংখ্যক ওডিআই হবে৷ দক্ষিণ আফ্রিকায় নতুন কোভিড-১৯ প্রকার ওমিক্রনের হুমকির কারণে সিরিজটি বিলম্বিত হওয়ায় নির্ধারিত আন্তর্জাতিক টি-২০ আপাতত বাতিল করা হয়েছে।