ওয়েস্ট ইন্ডিজ সফরে সরফরাজ খান সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন সুনীল গাভাস্কার
আপডেট করা - Jun 24, 2023 6:44 pm

জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে এটি হল ভারতের প্ৰথম টেস্ট সিরিজ। ২৩শে জুন, শুক্রবার, এই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এছাড়াও তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্যও দল ঘোষণা করেছে তারা। দুর্ভাগ্যবশত, এইবারেও টেস্ট দলে প্রতিভাবান ব্যাটার সরফরাজ খানকে সুযোগ দেননি ভারতীয় দলের নির্বাচকরা।
ভারতীয় দলে সরফরাজ খানকে সুযোগ না দেওয়ার জন্য এর আগেও নির্বাচকদের সমালোচিত হতে হয়েছিল। অনেকেই ভেবেছিলেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুরবস্থার পর হয়তো নতুন মুখ হিসেবে টেস্ট দলে সরফরাজ খান জায়গা করে নেবেন। কিন্তু শেষমেশ তা আর হল না। তাকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
রঞ্জি ট্রফি ২০২২-২৩-এ অসাধারণ ফর্মের সাথে খেলেছিলেন সরফরাজ খান। তিনি ৬টি ম্যাচ খেলে ৯২.৬৬ গড়ের সাথে ৫৫৬ রান করেছিলেন। কিন্তু দলে সুযোগ পাওয়ার দৌড়ে তাকে পিছনে ফেলে দিয়েছেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কওয়াড়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার সরফরাজ খানের পাশে দাঁড়িয়েছেন এবং ভারতীয় দলের নির্বাচকদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
ইন্ডিয়া টুডে-কে সুনীল গাভাস্কার বলেন, “সরফরাজ খান গত তিন মরসুমে ১০০ গড়ের সাথে রান করেছেন। আর কি করলে তাকে দলে নেওয়া হবে? তিনি একাদশে নাও থাকতে পারেন, কিন্তু আপনি তাকে অন্তত দলে নিন। তাকে বলুন যে তার পারফরম্যান্স স্বীকৃত হচ্ছে। নাহলে রঞ্জি ট্রফি বন্ধ করে দিন। বলুন, এটা খেলে কোনো লাভ নেই, আপনি শুধু আইপিএল খেলুন এবং মনে করুন যে আপনি লাল বলের খেলার জন্যও যথেষ্ট ভালো।”
টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা
ডব্লুটিসির ফাইনালে খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজটি থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে, ফাইনাল ম্যাচটিতে ব্যাট হাতে উভয় ইনিংসেই সফল হওয়ার পর এই সিরিজটিতে সহ-অধিনায়ক হিসেবে দলে জায়গা করে নিয়েছেন অজিঙ্কা রাহানে।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।