আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান

Shakib al Hasan
Shakib al Hasan. (Photo by Gareth Copley/Getty Images)

আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ই জুলাই থেকে এই সিরিজটি শুরু হবে। ওডিআই সিরিজটির সবকটি ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই সিরিজটিতেই কামব্যাক করতে চলেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার সময় তিনি আঙুলে চোট পেয়েছিলেন। সেই কারণেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটি খেলতে পারেননি। ভারত এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার পর এই সিরিজটিও জিতে নিয়ে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, মহম্মদ নাইম।

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটিতে অনেক বড় জয় পেয়েছে বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটিতে ৫৪৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এটি হল একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সবথেকে বড় জয়। ১ দিন বাকি থাকতেই এই টেস্ট ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। কিন্তু তাদের নেওয়া এই সিদ্ধান্তটি তাদের বিরুদ্ধেই গেছে। প্রথম ইনিংসে ব্যাটিং করে ৮৬ ওভারে ১০ উইকেটে ৩৮২ রান তুলেছিল বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি ১৭৫ বলে ১৪৬ রান করেছিলেন। তার ইনিংসে ছিল ২৩টি চার এবং ২টি ছয়। নিজাত মাসুদ ১৬ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৯ ওভারে ১০ উইকেটে মাত্র ১৪৬ রান করতে সক্ষম হয়েছিল। এবাদত হোসেন ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

এরপর ৮০ ওভারে ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয় বাংলাদেশ। এই ইনিংসেও শতরান করেন শান্ত। তিনি ১৫১ বলে ১২৪ রান করেন। মমিনুল হকও সেঞ্চুরি করেন। তিনি ১৪৫ বলে ১২১ রান করে অপরাজিত থাকেন। চতুর্থ ইনিংসে ১১৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত।

close whatsapp