বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের পর একটি দুই শব্দের টুইট করলেন শুভমন গিল
আপডেট করা - Jun 12, 2023 1:23 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে একটি লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে। শেষ দিনের প্ৰথম সেশনে ২৩৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ফাইনাল ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তার নেওয়া এই সিদ্ধান্ত ভারতীয় দলের বিরুদ্ধে গিয়েছিল। প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়া ১২১.৩ ওভারে ১০ উইকেটে ৪৬৯ রান করেছিল।
প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ ব্যাটার শতরান করেছিলেন। ট্র্যাভিস হেড ২৫টি চার এবং ১টি ছয় সহ মাত্র ১৭৪ বলে ১৬৩ রান করেছিলেন। অন্যদিকে, স্টিভ স্মিথ ১৯টি চার সহ ২৬৮ বলে ১২১ রান করেছিলেন। তারা দুজন প্ৰথম দুই ব্যাটার হিসেবে ডব্লুটিসির ফাইনালে শতরান করার রেকর্ড করেছেন।
ভারত নিজেদের প্ৰথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। কিন্তু অজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা মিলে ভারতকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। প্ৰথম ইনিংসে ৬৯.৪ ওভারে ১০ উইকেটে ২৯৬ রান করেছিল ভারত। এরপর অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংসটি ডিক্লেয়ার করে দিয়েছিল। ভারতের সামনে লক্ষ্য ছিল ৪৪৪ রান। কিন্তু সেই লক্ষ্য থেকে তারা ২১০ রান পিছনে থেকে যায়।
প্রতিভাবান ব্যাটার শুভমন গিল ভারতীয় দলের এই পরাজয়ের পর নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। এই ছবিটিতে তিনি ক্যাপশন দিয়েছেন, “শেষ হয়নি”।
Not finished 🇮🇳 pic.twitter.com/WSGwkkaH6v
— Shubman Gill (@ShubmanGill) June 11, 2023
ডব্লুটিসির ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শুভমন গিল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুটি ইনিংসের মধ্যে একটিতেও ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি ভারতের ওপেনিং ব্যাটার শুভমন গিল। প্ৰথম ইনিংসে তিনি ১৫ বলে মাত্র ১৩ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৯ বলে ১৮ রান করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং, দুটি ইনিংস মিলিয়ে তিনি মাত্র ৩১ রান করেছেন। দুটি ইনিংসেই তিনি অস্ট্রেলিয়ার প্রতিভাবান পেসার স্কট বোল্যান্ডের শিকার হন।
তবে দ্বিতীয় ইনিংসে তার আউট হওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর রিপ্লে দেখে মনে হয়েছিল যে ক্যামেরন গ্রিন ক্যাচটি ঠিকঠাকভাবে ধরেননি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী, হরভজন সিং, বীরেন্দ্র সেহওয়াগ এবং আরও অনেকে এই ক্যাচটি নিয়ে মুখ খুলেছেন। শুভমন গিল নিজেও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।