ভারতের প্ৰথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা, ভালো রান পেলেন না শুভমন গিলও

Rohit Sharma and Shubman Gill
Rohit Sharma and Shubman Gill. (Photo Source: Disney+Hotstar)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১২১.৩ ওভারে ১০ উইকেটে ৪৬৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার এই পাহাড় সমান রানের লিড তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালোভাবে করতে পারেনি ভারত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি রোহিত শর্মা। এইবারের আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ৩৩২ রান করতে সক্ষম হয়েছিলেন তিনি। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ২০.৭৫ এবং ১৩২.৮০। রোহিতের সর্বোচ্চ স্কোর ছিল ৬৫। আইপিএলের ১৬ তম সংস্করণের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। রোহিত ২টি চার সহ ২৬ বলে মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি বিপক্ষের অধিনায়ক প্যাট কামিন্সের শিকার হন।

অন্যদিকে, আইপিএল ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করার পর ডব্লুটিসির ফাইনালে এসে ব্যাট হাতে ব্যর্থ হলেন শুভমন গিল। আইপিএলের ১৬ তম সংস্করণে তিনি ১৭টি ম্যাচ খেলে ৮৯০ রান করেছিলেন। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৫৯.৩৩ এবং ১৫৭.৮০। এই মরসুমে তিনি ৩টি শতরান করেছিলেন। তার সর্বোচ্চ রান ছিল ১২৯। এবারের আইপিএলে তিনি অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন। কিন্তু এই বড় মঞ্চে এসে তিনি প্ৰথম ইনিংসে ২টি চার সহ মাত্র ১৫ বলে ১৩ রান করতে সক্ষম হলেন। তার উইকেটটি নেন স্কট বোল্যান্ড।

ব্যাট হাতে ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিও

ভারত এই মুহূর্তে একদমই ভালো পরিস্থিতির মধ্যে নেই। রোহিত শর্মা এবং শুভমন গিলের পর দুই ফর্মে থাকা ব্যাটার বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারাও প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। প্ৰথমে আউট হন পূজারা। তিনি ২টি চার সহ ২৫ বলে ১৪ রান করেন। তিনি প্রতিভাবান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের শিকার হন।

বিরাট কোহলি ২টি চার সহ ৩১ বলে ১৪ রান করেন। তার উইকেটটি নেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার স্কোর থেকে এখনও অনেকটাই পিছিয়ে আছে ভারতীয় দল। এখনও পর্যন্ত একটিও বড় পার্টনারশিপ করতে পারেনি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এই মুহূর্তে ভারতের একটি বড় পার্টনারশিপের প্রয়োজন। যদি তারা সেটি না করতে পারে তাহলে ম্যাচটি পুরোপুরিভাবে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে। এই মুহূর্তে ক্রিজে ব্যাটিং করছেন অজিঙ্কা রাহানে এবং রবীন্দ্র জাদেজা।

close whatsapp