কোহলি ও রোহিত ইস্যুতে মুখ খুললেন সুনীল গাভাস্কার
আজহারউদ্দিনের মন্তব্যকেও আক্রমণ করতে ছাড়লেন না সানি
আপডেট করা - Dec 15, 2021 10:30 am

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াড ঘোষণার সময় বিসিসিআই সিদ্ধান্ত নেয় ভারতের ওডিআই দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে নিয়োগ করার। তারপর থেকেই নানা মহল থেকে বিভিন্ন গুঞ্জন উঠতে শোনা গেছে কোহলি ও রোহিত সম্পর্কে। এমনও শোনা গেছে যে বিরাটকে সরিয়ে রোহিত দায়িত্ব পাওয়ায় দুই ক্রিকেটারের অভ্যন্তরীণ সম্পর্ক তলানিতে নেমে গেছে।
এবং এখন, প্রাক্তন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার কোহলি-রোহিত ইস্যুতে তাঁর মতামত দিয়েছেন। গাভাস্কার মনে করেন যে কোহলি এবং শর্মা উভয়েই এই বিষয়ে মুখ না খুললে, বাকিদের কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন যে সাম্প্রতিক কালের ভারতীয় ব্যাটিংয়ের দুই মহারথী বিরাট ও রোহিতের সম্পর্কে ফাটল ধরেছে। সেই নিয়ে লিটল মাস্টার গাভাস্কার যোগ করেছেন যে আজহারউদ্দিনের কাছে যদি এই সংক্রান্ত কোনও তথ্য থাকে তবে তাঁর উচিত ক্রিকেট বিশ্বের কাছে তা প্রকাশ করা।
“প্রশ্ন হল, ‘কোহলি এবং রোহিতের মধ্যে কি আদৌ কিছু ঘটেছে?’ যতক্ষণ না উভয় খেলোয়াড়ই কিছু বলছে, আমাদের সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। হ্যাঁ, আজহারউদ্দিন কিছু বলেছেন কিন্তু তিনি যদি ঠিক কী ঘটেছে সে সম্পর্কে কিছু ভিতরের তথ্য পেয়ে থাকেন তবে তাঁর উচিত প্রকাশ্যে বলে আমাদের জানানো ঠিক কী হয়েছে,” ইন্ডিয়া টুডে সুনীল গাভাস্কারকে উদ্ধৃত করেছে।
কোহলি ও রোহিত উভয়েই ভারতীয় ক্রিকেটকে দুর্দান্তভাবে সেবা করেছেন: সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কার আরও যোগ করেছেন যে ফাটলের একটি সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তিনি কোহলি এবং শর্মা উভয়কেই সন্দেহের উর্ধ্বে রাখবেন। সমকালীন ক্রিকেটের দুই আইকনই অনবদ্য দক্ষতায় এক দশকেরও বেশী সময় ধরে ভারতীয় ক্রিকেটের সেবায় নিয়োজিত মনে করে গাভাস্কার এই বলে উপসংহারে এসেছিলেন যে তথ্য না থাকলে তাঁদের দিকে আঙুল তোলা ঠিক নয়।
“ততক্ষণ পর্যন্ত, আমি উভয় খেলোয়াড়কেই সন্দেহের উর্ধ্বে রাখব। কারণ উভয়েই ভারতীয় ক্রিকেটকে দুর্দান্তভাবে সেবা করেছেন এবং আমি মনে করি না যে আমাদের কারও কাছে সঠিক তথ্য না থাকা অবধি, তাদের উভয়ের দিকে আঙুল তোলা ঠিক হবে,” গাভাস্কার উপসংহারে বলেছিলেন।
ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ২৬শে ডিসেম্বর, ২০২১, সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্ট ম্যাচ দিয়ে।