লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার থেকে প্রশংসা পেলেন রিঙ্কু সিং
আপডেট করা - May 21, 2023 2:05 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) যাত্রা শেষ হয়ে গেছে। গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) কাছে মাত্র ১ রানে পরাজিত হয়েছে কেকেআর। তবে এই ম্যাচে ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন রিঙ্কু সিং। ম্যাচ শেষ হওয়ার পর বিপক্ষের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া কেকেআরের এই প্রতিভাবান ব্যাটারের প্রশংসা করেছেন।
প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করেছিল লখনউ সুপার জায়ান্টস। ব্যাট হাতে ৩০ বলে ৫৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নিকোলাস পুরান। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারিয়ে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল কেকেআর। রিঙ্কু সিং দলকে লক্ষ্যের অনেকটা কাছাকাছি নিয়ে গিয়েছিলেন কিন্তু শেষমেশ ম্যাচটি জেতাতে পারেননি। রিঙ্কুর ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করেছিল কেকেআর। রিঙ্কু ৩৩ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন। তার এই দুর্দান্ত ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছয়।
রিঙ্কু এই মরসুমে ১৪টি ম্যাচ খেলে ৪৭৪ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৫৯.২৫ এবং ১৪৯.৫৩। তার নামে ৪টি অর্ধশতরানও রয়েছে। আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি সবথেকে বেশি রান করেছেন।
ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় ক্রুনাল পান্ডিয়া বলেন, “রিঙ্কু এই বছর বিশেষ ছিল, প্রতিটি খেলা যখন সে সেখানে থাকে তখন আপনি এটি সহজভাবে নিতে পারবেন না।”
“আশা করি আমরা আরও ভালো দল হিসেবে ফিরে আসব” – নীতিশ রানা
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা এই মরসুমে নিজেদের ফলাফলের ব্যাপারে মুখ খুলেছেন। এছাড়াও তিনি রিঙ্কু সিংয়ের প্রশংসা করেছেন।
নীতিশ রানা বলেন, “ফলাফল আমাদের পক্ষে ছিল না, তবে মরসুমটির অনেক ইতিবাচক দিক রয়েছে। আশা করি আমরা আরও ভালো দল হিসেবে ফিরে আসব। আপনাকে পরপর জিততে হবে এবং আমার খারাপ লাগছে যেহেতু আমাদের গেমগুলি শেষ করার ক্ষমতা ছিল।”
তিনি আরও বলেন, “মনে হয় আমি ম্যাচের পর ১৪ বার মাইক ধরে প্রত্যেকবারই রিঙ্কু বলেছি! আমার কাছে সত্যিই তাকে সংজ্ঞায়িত করার শব্দ নেই। যদি সে সেই অবস্থায় ব্যাট করতে পারে, তাহলে সে যে কোনো কিছু করতে পারে।”