আইপিএল ২০২৩, ম্যাচ ৬৭: ডিসি বনাম সিএসকে, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
সিএসকে জিতলে নিশ্চিতভাবে প্লে-অফে জায়গা করে নেবে
আপডেট করা - May 19, 2023 7:59 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করার জন্য শনিবার, ২০শে মে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর। সিএসকে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল। অন্যদিকে, ডিসি আসছে তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৫ রানে জিতেছে।
১৩ ম্যাচে সাতটি জয় এবং একটি অমীমাংসিত ফলাফলের পরে ১৫ পয়েন্ট নিয়ে সিএসকে আইপিএল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ডিসির বিরুদ্ধে জিতে লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করতে এবং কোয়ালিফায়ার ১-এ সরাসরি খেলার অতিরিক্ত সুবিধা পেতে চায়বে।
তবে সিএসকেকে নজরে রাখতে হবে লখনউ সুপার জায়ান্টস যেন তাদের নেট রান রেট টপকে না যায়। সেই কারণে বড় জয়ের লক্ষ্যে থাকতে হবে ধোনির দলকে। এদিকে দিল্লি আগের ম্যাচে জেতার পরে সিএসকের বিরুদ্ধে জোরালো টক্কর দেওয়ার জন্য প্রস্তুত।
পিচ কন্ডিশন
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা ছয়টি ম্যাচে চারটিতে জিতেছে দ্বিতীয় ব্যাট করা দলগুলো। এখানকার পিচে স্পিনাররা দুর্দান্ত সহায়তা পেয়েছে। টস জয়ী অধিনায়ক অতীত রেকর্ড বিবেচনা করে প্রথমে বোলিং করতে পারেন।
উভয় দলের কম্বিনেশন
দিল্লি ক্যাপিটালস
আগের ম্যাচে ব্যাটিং ক্রম দুর্দান্ত পারফর্ম করেছিল। ফলে ব্যাটারদের নিয়ে বিশেষ পরিবর্তন নাও করা হতে পারে। দিল্লির মন্থর পিচের কারণে ললিত যাদবকে খেলিয়ে অতিরিক্ত বোলিং বিকল্প আনার পাশাপাশি ব্যাটিং গভীরতাও বাড়াতে পারে ডিসি।
সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, ফিলিপ সল্ট (উইকেটকিপার), রাইলি রসৌ, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, কুলদীপ যাদব, অনরিখ নর্কিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।
চেন্নাই সুপার কিংস
আম্বাতি রায়ুডু ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলায় সিএসকে শুভ্রাংশু সেনাপতিকে মিডল অর্ডারে সুযোগ দিতে পারে। বাকী একাদশে বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, শুভ্রাংশু সেনাপতি, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহীষ থিকশানা।
হেড-টু-হেড
ম্যাচ – ২৮ | দিল্লি ক্যাপিটালস – ১০ | চেন্নাই সুপার কিংস – ১৮
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ