সানরাইজার্স হায়দ্রাবাদকে ৩৪ রানে পরাজিত করে এই মরসুমের প্ৰথম দল হিসেবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করল গুজরাট টাইটান্স

Mohit Sharma
Mohit Sharma. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬২ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে ৩৪ রানে জয় পেল গুজরাট টাইটান্স (জিটি)। এই মরসুমে এটি ছিল তাদের নবম জয়। এই ম্যাচটি জিতে নিয়ে এই মরসুমের প্ৰথম দল হিসেবে প্লেঅফসে নিজেদের জায়গা পাকা করল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল।

টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ঋদ্ধিমান সাহা এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। এই ম্যাচে জিটির হয়ে সবথেকে বেশি রান করেন শুভমন গিল। তিনি ৫৮ বলে ১০১ রান করেন। তিনি এই ইনিংসে ১৩টি চার এবং ১টি ছয় মারেন। তার এবং সাই সুদর্শনের মধ্যে ১৪৭ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে। সুদর্শন ৬টি চার এবং ১টি ছয় সহ ৩৬ বলে ৪৭ রান করেন।

এরপরেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় জিটি। এই ম্যাচে এসআরএইচের সবথেকে সফল বোলার ছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। টি নটরাজন, ফজলহক ফারুকি এবং মার্কো জানসেন ১টি করে উইকেট পান। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট টাইটান্স।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের দলের দুই ওপেনার আনমোলপ্রীত সিং এবং অভিষেক শর্মা যথাক্রমে ৪ বলে ৫ রান এবং ৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক এডেন মার্করাম এবং রাহুল ত্রিপাঠিও ব্যাট হাতে ব্যর্থ হন। সানভির সিং এবং আবদুল সামাদও বেশি রান করতে পারেননি। কিন্তু ব্যাট হাতে একা লড়াই করেন হেনরিখ ক্লাসেন। তিনি ৪টি চার এবং ৩টি ছয় সহ ৪৪ বলে ৬৪ রান করেন। ভুবনেশ্বর কুমার ২৬ বলে ২৭ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন মহম্মদ শামি এবং মোহিত শর্মা। শামি এবং মোহিত যথাক্রমে ৪ ওভারে ২০ রান এবং ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪টি করে উইকেট নেন। যশ দয়াল ১টি উইকেট পান। এই ম্যাচটি হেরে যাওয়ায় প্লেঅফসে যাওয়ার আশা শেষ হয়ে গেল এসআরএইচের।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

https://twitter.com/gujarat_titans/status/1658169110524485643?t=0EUDmNyDEg19ZL_1qU0tsg&s=19

 

close whatsapp