প্লেঅফসে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছে, তবুও হল ছাড়তে নারাজ কেকেআর
আপডেট করা - May 13, 2023 9:05 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬১ তম ম্যাচে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নীতিশ রানার দল এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.৩৫৭। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে।
আগের ম্যাচটিতে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে কেকেআর। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করেছিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ার বাদে কেউই খুব বেশি রান করতে পারেননি। তিনি ৪২ বলে ৫৭ রান করেন। আরআর মাত্র ১৩.১ ওভারে ১ উইকেটে ১৫১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয়। যশস্বী জয়সওয়াল এই ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানটি করেন। তিনি ৪৭ বলে ৯৮* রান করেন। অধিনায়ক সঞ্জু স্যামসনও ২৯ বলে ৪৮* রানের একটি সুন্দর ইনিংস খেলেন।
সিএসকের বিরুদ্ধে ম্যাচটি কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিতে হেরে গেলে প্লেঅফসে যাওয়ার দৌড় থেকে ছিটকে যাবে নীতিশ রানার দল। সিএসকের বিরুদ্ধে ম্যাচের আগে নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রস্তুতি নেওয়া বেশ কয়েকটি ফটো এবং রিল শেয়ার করেছে কেকেআর। নেটে নারায়ণ জগদীসান এবং রিঙ্কু সিংয়ের ব্যাটিং অনুশীলন করার দুটি রিল শেয়ার করেছে তারা। এছাড়াও একটি রিলে ভেঙ্কটেশ আইয়ার এবং অনুকূল রায়কে ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেছে। আর্য দেশাইয়ের বোলিং অনুশীলন করার দুটি ফটো শেয়ার করেছে কেকেআর। এছাড়াও আন্দ্রে রাসেলের ব্যাটিং অনুশীলন করার একটি ফটো পোস্ট করেছে তারা।
সিএসকের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে পরাজিত হয়েছিল কেকেআর
এই মরসুমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে পরাজিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করেছিল সিএসকে। অজিঙ্কা রাহানে এবং শিবম দুবে যথাক্রমে ২৯ বলে ৭১* রান এবং ২১ বলে ৫০ রানের অসাধারণ দুটি ইনিংস খেলেছিলেন।
রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রান করতে সক্ষম হয়েছিল কেকেআর। এই ম্যাচে ৪৯ রানে জয় পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। সিএসকের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে কেকেআর আগের ম্যাচটির বদলা নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।