পাঞ্জাব কিংসের ডেথ বোলিংয়ের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন মুরলি কার্তিক

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ ডেথ বোলিং নিয়ে সমস্যায় ভুগছে পাঞ্জাব কিংস (পিবিকেএস)। তাদের এই সমস্যার ব্যাপারেই নিজের বক্তব্য জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুরলি কার্তিক।

মুরলি কার্তিক বলেছেন যে পাঞ্জাব কিংসের ডেথ বোলিংই হল তাদের চিন্তার মূল কারণ। তিনি পিবিকেএসের অভিজ্ঞ অলরাউন্ডার স্যাম কারান এবং অভিজ্ঞ পেসার কাগিসো রাবাডার পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন। তার মতে আর্শদীপ সিংও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। এছাড়াও তিনি বলেছেন যে এই মরসুমে যে দলগুলি ভালো খেলছে তাদের প্রধান খেলোয়াড়রা সঠিক সময়ে নিজেদের সেরা পারফরম্যান্সের প্রদর্শন করছেন। তার মতে যদি একটি ম্যাচে কোনো দলের তিন বা চারজন বোলার অনেক রান দেন তাহলে তাদের কাছে কোনো বিকল্প থাকবে না।

ক্রিকবাজকে মুরলি কার্তিক বলেন, “তাদের ডেথ বোলিংই তাদের চিন্তার প্রধান কারণ। স্যাম কারান ঠিকঠাক পারফর্ম করতে পারছেন না এবং কাগিসো রাবাডাও অনেক রান দিচ্ছেন। আর্শদীপ সিংয়ের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তার ফর্মও তেমন ভালো যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “যে দলগুলো ভালো করেছে তাদের প্রধান খেলোয়াড়রা সঠিক সময়ে নিজেদের সেরা খেলাটা খেলেছেন। আপনি চাইবেন আপনার প্রধান খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করুক। যদি এক ম্যাচে তিন বা চারজন বোলার এত রান দেয়, তাহলে আপনার কাছে কোনো বিকল্প থাকবে না।”

“আপনার কাছে যে বোলাররা আছেন তাদের ব্যবহার করা গুরুত্বপূর্ণ” – মুরলি কার্তিক

কেকেআরের বিরুদ্ধে হারপ্রীত ব্রার ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া সত্ত্বেও তাকে দিয়ে আর বল করাননি পিবিকেএসের অধিনায়ক শিখর ধাওয়ান। মুরলি কার্তিক এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও সিকান্দার রাজাকে বাদ দেওয়ার ব্যাপারেও নিজের বক্তব্য জানিয়েছেন মুরলি কার্তিক।

মুরলি কার্তিক বলেন, “গত ম্যাচে হারপ্রীত ব্রার মাত্র এক ওভার বল করেছিলেন। আপনার কাছে যে বোলাররা আছেন তাদের ব্যবহার করা গুরুত্বপূর্ণ। তারপরে সিকান্দার রাজা আছেন, যিনি তাদের হয়ে দুটি ম্যাচ জেতার পরেও বাদ পড়েছেন। এটি পাঞ্জাবের একটি সমস্যা। আপনাকে এই ধরনের খেলোয়াড়দের কাজে লাগাতে হবে। অন্যথায়, এটা নিজের পায়ে গুলি করার মতো।”

১৩ই মে, শনিবার, দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে খেলতে নেমেছে পাঞ্জাব কিংস। এই ম্যাচটিতে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp