ব্রিসবেন টেস্টের দ্বাদশ ঘোষণা করল ইংল্যান্ড

বাদ জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, একমাত্র স্পিনার হিসেবে আছেন জ্যাক লিচ

England
England. (Photo by Visionhaus/Getty Images)

ব্রিসবেনের দ্য গাব্বাতে ৮ই ডিসেম্বর বুধবার থেকে শুরু হতে চলা অ্যাশেজ টেস্টের জন্য জো রুটের ইংল্যান্ড একটি শক্তিশালী ১২ সদস্যের দল ঘোষণা করেছে। অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন কাফ মাসলের সমস্যার কারণে প্রথম একাদশের অংশ হবেন না। এই সমস্যার কারণেই অভিজ্ঞ পেসার ২০১৯ সালের হোম অ্যাশেজেও খেলতে পারেননি। অনেক দিন পর জাতীয় দলে ফেরা তারকা অলরাউন্ডার বেন স্টোকস ঘোষিত দ্বাদশ দলে জায়গা পেয়েছেন। 

স্কোয়াডে রয়েছেন চার বিশেষজ্ঞ ফাস্ট বোলার ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড এবং অলি রবিনসন। পূর্বের রিপোর্ট অনুসারে, পেস বিভাগে উড এবং রবিনসনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে ওকসের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যান্ডারসনের পরে ব্রিটিশদের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক, ৩৫ বছর বয়সী ব্রড, চূড়ান্ত একাদশে জায়গা পাবেন কি না তা নিশ্চিত না হলেও ঘোষিত দ্বাদশে জায়গা পেয়েছেন।   

এই বছরের অগাস্টে ভারতের বিরুদ্ধে সিরিজে টেস্ট দলে প্রত্যাবর্তন করা হাসিব হামিদ এবং বাঁ-হাতি ব্যাটার রোরি বার্নস থ্রি লায়ন্সের হয়ে সম্ভবত ব্যাটিং ওপেন করবেন। অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইনের নিয়মের কারণে অ্যাশেজ নিয়ে শঙ্কিত থাকা জস বাটলারও নির্বাচিত দ্বাদশে জায়গা পেয়েছেন।    

তবে দলে জায়গা করে নিতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো। রুটের পার্ট-টাইম স্পিনের পাশাপাশি জ্যাক লিচ একমাত্র বিশেষজ্ঞ স্পিন-বোলিং বিকল্প হিসেবে আছেন।  

ইংল্যান্ডের নির্বাচিত দ্বাদশ

জো রুট (অধিনায়ক), স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, হাসিব হামিদ, জ্যাক লিচ, ডাউইড মালান, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড। 

এর আগে, প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া টেস্টের জন্য তাদের একাদশের নাম ঘোষণা করেছিল, কিন্তু রুট কন্ডিশন ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন।   

“আমাদের সমস্ত বিকল্প হাতে থাকলেও আমরা এখনও দলের নাম চূড়ান্ত বলছি না। আগামী কয়েক দিনের মধ্যে সেই পিচটি কীভাবে পরিবর্তিত হয় সেটি আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে,” রুট আগে বলেছিলেন।  

“কিন্তু স্পিন খেলার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। এটি এমন কিছু যা আমরা বিবেচনা করব, তবে আমরা এখনই কোন সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে নই,” তিনি যোগ করেছেন।

৩৯ বছর বয়সে এসে অ্যান্ডারসন ইদানীং প্রায়ই চোট আঘাতের কবলে পড়ছেন, তবে তিনি ছন্দে থাকলে এখনও তাঁকে অপ্রতিরোধ্য দেখায়। সেই প্রসঙ্গে রুট বলেছেন,“একটা জিনিস আমি বলব, আপনি গত কয়েক বছরে জিমির রেকর্ডের দিকে তাকান, এবং সেটি দিনদিন আরও ভাল হয়েছে। তার বয়স হয়তো বাড়ছে, কিন্তু তার বোলিং আগের চেয়ে ভালো না হলেও। খারাপও হয়নি।”   

close whatsapp