কাফ মাসলের চোটে ব্রিসবেন টেস্ট থেকে বাদ জেমস অ্যান্ডারসন
ইংল্যান্ড সম্ভবত তিন পেসারের সঙ্গে এক স্পিনার খেলাবে প্রথম টেস্টে
আপডেট করা - Dec 7, 2021 11:33 am

ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন কাফ মাসলের সমস্যার কারণে ব্রিসবেনের দ্য গাব্বাতে বুধবার, ৮ই ডিসেম্বর শুরু হতে চলা প্রথম অ্যাশেজ টেস্ট থেকে বাদ পড়েছেন বলে জানা গেছে। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির পরে ব্রিসবেনে পাঁচটি টেস্ট খেলা তৃতীয় নন-অস্ট্রেলিয়ান ক্রিকেটার হতে পারতেন এই পেসার।
এটি একই কাফ মাসলের সমস্যা যার জন্য তিনি পুরো ২০১৯ সিরিজ মিস করতে বাধ্য হয়েছিলেন। তবে, সিরিজের প্রথম ম্যাচে, সফরকারী দলে অভিজ্ঞ সিমারের উপযুক্ত পরিবর্ত রয়েছে বলে মনে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ফাস্ট বোলিং বিভাগে ক্রিস ওকস অলি রবিনসন এবং মার্ক উডের সঙ্গী হতে পারেন।
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট স্পিন-বোলিং বিকল্প খেলানোর ইঙ্গিত দিয়েছেন, যার অর্থ দলে জ্যাক লিচ সম্ভবত খেলতে পারেন। থ্রি লায়ন্সের কাছে ১৪৯ টেস্টের অভিজ্ঞ স্টুয়ার্ট ব্রডের পেস বিকল্পও রয়েছে।
“আমি মনে করি স্পিন বোলিং করার জন্য এটি একটি ভাল জায়গা। অস্ট্রেলিয়ায় খেলেছেন এমন কিছু দুর্দান্ত স্পিনারদের সাথে কথা বলেছি এবং তাঁরা সবসময় এখানে বোলিং উপভোগ করেছেন,” রুট মিডিয়াকে বলেছেন, cricket.com.au রিপোর্ট করেছে।
জেমস অ্যান্ডারসন অন্যতম সেরা বোলার, বলেছেন রুট
তবে আশ্বস্ত হওয়ার মতো খবর হল, অ্যান্ডারসনের পেশীর সমস্যাটি গুরুতর হিসাবে রিপোর্ট করা হচ্ছে না। তবে যদি তিনি পুরো সিরিজ থেকে বাদ পড়েন, তবে এটি থ্রি লায়ন্সের জন্য একটি বড় আঘাত হতে চলেছে। ৩৯ বছর বয়সে এসে অ্যান্ডারসন ইদানীং প্রায়ই চোট আঘাতের কবলে পড়ছেন, তবে তিনি ছন্দে থাকলে এখনও তাঁকে অপ্রতিরোধ্য দেখায়।
তিনি বর্তমানে টেস্ট ক্রিকেটে ৬৩২টি উইকেট নিয়ে সর্বকালের শীর্ষস্থানীয় উইকেট শিকারীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন এবং রুট তাঁর সম্বন্ধে বলতে গিয়ে অ্যান্ডারসনকে “সেরা বোলারদের একজন” বলে প্রশংসা করেছেন।
“একটা জিনিস আমি বলব, আপনি গত কয়েক বছরে জিমির রেকর্ডের দিকে তাকান, এবং সেটি দিনদিন আরও ভাল হয়েছে। তার বয়স হয়তো বাড়ছে, কিন্তু তার বোলিং আগের চেয়ে ভালো না হলেও। খারাপও হয়নি।
“আমি মনে করি পুরো সিরিজ জুড়ে আমাদের জন্য যা অপেক্ষা করছে তার জন্য আমাদের দলের সেরা খেলা বের করে আনা সত্যিই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং পরিস্থিতি, মাঠ এবং ফিটনেসের দাবি অনুযায়ী, আমি মনে করি আমাদের সত্যিই স্মার্ট এবং বুদ্ধিমান হতে হবে।
“আমরা আমাদের সেরা দলটি খেলাতে চাই, এবং জিমি অ্যান্ডারসন বিশ্বের সেরা বোলারদের একজন,” রুট গত মাসে বলেছিলেন।