আইপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে ৫০টি অর্ধশতরান করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source : BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৩ তম ম্যাচে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পাঞ্জাব কিংস (পিবিকেএস) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৫০টি অর্ধশতরান করলেন পিবিকেএসের অধিনায়ক শিখর ধাওয়ান। এছাড়াও কেকেআরের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে অধিনায়ক হিসেবে ১০০০ রান সম্পূর্ণ করেছেন তিনি।

শিখর ধাওয়ানের আগে আইপিএলে ৫০টি অর্ধশতরান করার মাইলফলক স্পর্শ করেছেন দিল্লি ক্যাপিটালসের (ডিসি) অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ওয়ার্নার এবং কোহলি এখনও পর্যন্ত যথাক্রমে ৬০টি এবং ৫০টি অর্ধশতরান করেছেন। অর্থাৎ, দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

প্ৰথমে ব্যাটিং করে ১৭৯ রান করল পাঞ্জাব কিংস

টসে জিতে প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পিবিকেএসের অধিনায়ক শিখর ধাওয়ান। প্রভসিমরন সিং ৮ বলে ১২ রান করে হর্ষিত রানার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভানুক রাজাপক্ষ এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। তিনিও হর্ষিত রানার বলে আউট হন। লিয়াম লিভিংস্টোনও এই ম্যাচে বড় রান করতে পারেননি। তিনি ৯ বলে ১৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে এলবিডাব্লিউ হন।

শিখর ধাওয়ান এবং জিতেশ শর্মা মিলে ৫৩ রানের পার্টনারশিপ করেন। জিতেশ ১৮ বলে ২১ রান করে আউট হন। এই ম্যাচে পাঞ্জাব কিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ছিলেন শিখর ধাওয়ান। তিনি ৪৭ বলে ৫৭ রানের একটি সুন্দর ইনিংস খেলে বিপক্ষের অধিনায়ক নীতিশ রানার বলে আউট হন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ১টি ছয় মারেন। স্যাম কারান ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৯ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষে ঋষি ধাওয়ান, শাহরুখ খান এবং হারপ্রীত ব্রার প্রভাবশালী তিনটি ইনিংস খেলেন। ধাওয়ান, শাহরুখ এবং ব্রার যথাক্রমে ১১ বলে ১৯, ৮ বলে অপরাজিত ২১ এবং ৯ বলে অপরাজিত ১৭ রান করেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে পিবিকেএস।

বরুণ চক্রবর্তী এই ম্যাচে দারুন বল করেছেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। হর্ষিত রানা ২টি উইকেট নেন। সুয়শ শর্মা এবং নীতিশ রানা ১টি করে উইকেট পান। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp